বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কয়েদিদের দখলে ৩ কারাগার: জিম্মি ৪৬

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

কয়েদিদের দখলে ৩ কারাগার: জিম্মি ৪৬

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় তিনটি কারাগারে দাঙ্গা বাঁধিয়ে কয়েদিরা অন্তত ৪৬ জনকে জিম্মি করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী কারাগারগুলোর দখল ফিরে পেতে চেষ্টা অব্যাহত রেখেছেন।

কারাগারে আরও বাড়তি সুযোগ সুবিধা পেতে চাওয়া গ্যাং সদস্যরা এ ঘটনার সাথে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কো আন্তোনিও ভিলেদার।

তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকাল পর্যন্ত কারাগার দখলে নিয়ে অনেককে জিম্মি করার এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স এক কারা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, জিম্মি হওয়া ব্যক্তিদের সিংহভাগ নিরাপত্তারক্ষী এবং সঙ্গে একজন মনোবিজ্ঞানীও আছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ভিলেদা জানান, বন্দিরা সমন্বিতভাবেই তিন কারাগারে দাঙ্গা বাঁধায়। যদিও তিনি এর পেছনে বারিও ১৮ গ্যাংকে দায় দেন।

গ্যাংটির নেতা ভালো পরিবেশ ও বেশি সুযোগ সুবিধা পাওয়ার জন্য অন্য কারাগারে স্থানান্তরিত হতে চেয়েছিলেন, তার জন্যই গ্যাং সদস্যরা দাঙ্গা বাঁধায় বলে অভিযোগ এ মন্ত্রীর।

কারাগারগুলোতে গ্যাং নেতাদের সুবিধা তুলে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া পদক্ষেপের ‘সরাসরি প্রতিক্রিয়া’- এই দাঙ্গা, মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটাই বলেছে।

ভিলেদা বলেছেন, ‘কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে কোনো চুক্তি করছি না আমি। আমি এই ব্ল্যাকমেইল মেনে নেব না, তাদের কর্মকাণ্ড থামানোর বদলে তাদের সুবিধা পুনর্বহালও করব না।’

তিন কারাগারের মধ্যে মধ্য আমেরিকার দেশটির দক্ষিণে অবস্থিত এসকুইন্তলা শহরের রেনোভেসিওন ১ ম্যাক্সিমাম সিকিউরিটি কারাগারের চারপাশ পুলিশ ও সেনারা ঘিরে রেখেছে, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় অ্যাম্বুলেন্স ও দমকলের ট্রাকও প্রস্তুত রাখা হয়েছে।

কয়েদিদের কারাগারের নিরাপত্তা টাওয়ারের ওপর থেকে এসবের ওপর নজর রাখতে দেখা গেছে। এ কয়েদিদের বেশিরভাগেরই পরনে দেখা গেছে ট্যাঙ্ক টপ ও শর্টস, কেউ কেউ জাম্পস্যুটও পরেছে। তাদের প্রত্যেকের মুখই কাপড় দিয়ে ঢাকা ছিল।

মুখ ঢাকা এক কয়েদি কাঁটাতারের পেছন থেকে বলেন, ‘এই কারাগারে তারা নিরাপদ বোধ করছেন না, যে কারণে তারা অন্য কারাগারে স্থানান্তরিত হওয়ার দাবি জানাচ্ছেন।’

তিনি কারা কর্তৃপক্ষকে ইঙ্গিত করে আরও বলেন, ‘তারা তাদের নিজেদের নিরাপত্তার নিশ্চয়তাই দিতে পারছে না, আমাদেরটা দেবে কীভাবে?’

রয়টার্স বলছে, ‘গুয়াতেমালায় কারারক্ষীদের জিম্মি করার ঘটনা নতুন না হলেও এবারের মতো এত সংখ্যক লোককে জিম্মি আগের ঘটনাগুলোতে দেখা যায়নি।’

সূত্র: রয়টার্স

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.