একসময় বাংলাদেশে নিজের ত্বকের সঙ্গে মানানসই প্রসাধনী খুঁজে পাওয়া কিংবা কোনো বিউটি প্রোডাক্ট আসল কি না, তা নিশ্চিত হওয়া ছিল বেশ কঠিন। বিশেষ করে নতুনদের জন্য মেকআপ ও স্কিন কেয়ার পণ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সহজ ছিল না। বন্ধু, পরিবারের সদস্য কিংবা দোকানদারের পরামর্শের ওপর নির্ভর করেই অনেককে প্রসাধনী কিনতে হতো। এমন বাস্তবতায় ২০১৩ সালে একটি বিউটি ব্লগ হিসেবে যাত্রা শুরু করে সাজগোজ।
প্রতিষ্ঠাতা নাজমুল শেখ, সিনথিয়া শারমিন ইসলাম ও মিলকী মাহমুদের উদ্যোগে শুরু হওয়া এই প্ল্যাটফর্মটির মূল লক্ষ্য ছিল ত্বকের যত্ন, মেকআপের কৌশল, বিভিন্ন প্রসাধনীর ব্যবহার ও পণ্যের পর্যালোচনা সম্পর্কে মানুষকে সঠিক তথ্য দেওয়া। শুরু থেকেই শুধু পণ্য কেনার প্রতি আগ্রহ তৈরি নয়, বরং নিজের ত্বক ও প্রয়োজন বুঝে সঠিক পণ্য বেছে নেওয়ার বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্ব দেয় সাজগোজ।
ধীরে ধীরে সাজগোজের পাঠক ও অনুসারীর সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে প্রতিষ্ঠাতারা উপলব্ধি করেন, পণ্য সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি গ্রাহকদের কাছে আসল প্রসাধনী সহজে পৌঁছে দেওয়াও জরুরি। সেই ভাবনা থেকে ২০১৫ সালে ঢাকার যমুনা ফিউচার পার্কে চালু হয় সাজগোজের প্রথম অফলাইন শপ।
এর মাধ্যমে গ্রাহকেরা সরাসরি পণ্য দেখার পাশাপাশি বিউটি কনসালট্যান্টদের সঙ্গে কথা বলে নিজেদের প্রয়োজন অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ পান। তবে ঢাকার বাইরের গ্রাহকদের কাছে পৌঁছানো তখনো বড় চ্যালেঞ্জ ছিল। দেশের অনলাইন কেনাকাটার অবকাঠামো ও সরবরাহব্যবস্থাও তখন পুরোপুরি বিকশিত হয়নি।
এই সীমাবদ্ধতা কাটিয়ে দেশজুড়ে গ্রাহকদের কাছে পৌঁছানোর লক্ষ্যে ২০১৮ সালের অক্টোবরে সাজগোজ চালু করে তাদের ই-কমার্স প্ল্যাটফর্ম shop.shajgoj.com। এর ফলে গ্রাহকেরা ঘরে বসেই বিভিন্ন প্রসাধনী সম্পর্কে জানতে ও পছন্দের পণ্য অর্ডার করতে পারেন। তথ্য ও কেনাকাটার সমন্বয়ে সাজগোজ ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ বিউটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পায়।
বর্তমানে সাজগোজের অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে ১ হাজার ২০০টির বেশি ব্র্যান্ডের ২০ হাজারেরও বেশি পণ্য। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে রয়েছে প্রতিষ্ঠানটির আটটি অফলাইন শপ। এসব উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য অনলাইন ও সরাসরি কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে।
তবে সাজগোজের পথচলা কেবল পণ্য ও বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। সময়ের সঙ্গে মানুষের স্কিন কেয়ার সম্পর্কে জানার আগ্রহ ও সচেতনতাও বেড়েছে। আগে যেখানে অনেকেই অন্যের পরামর্শের ওপর নির্ভর করতেন, এখন অনেকেই নিজের ত্বকের ধরন, প্রয়োজন ও উপযোগী পণ্য সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছেন। কোন পণ্য কীভাবে ব্যবহার করতে হয় কিংবা কোন ধরনের ত্বকের জন্য কোন পণ্য উপযোগী, এসব বিষয়েও গ্রাহকদের আগ্রহ বাড়ছে।
চলতি বছর সাজগোজের ই-কমার্স যাত্রার আট বছর পূর্ণ হয়েছে। তবে প্রতিষ্ঠানটির এই পথচলার পেছনে রয়েছে ২০১৩ সালে শুরু হওয়া বিউটি ব্লগের অভিজ্ঞতা। একটি তথ্যভিত্তিক ব্লগ থেকে অনলাইন ও অফলাইন কেনাকাটার সমন্বিত প্ল্যাটফর্মে পরিণত হওয়ার এই যাত্রায় গ্রাহকদের সচেতনতা ও আস্থাকে গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।
সাজগোজের বিশ্বাস, সঠিক তথ্য জানা থাকলে গ্রাহকেরা নিজেদের ত্বক, বাজেট ও পছন্দ অনুযায়ী আত্মবিশ্বাসের সঙ্গে পণ্য বেছে নিতে পারেন। আর এই আস্থাই গ্রাহকদের সঙ্গে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখে।
প্রতিষ্ঠানটির দর্শন হলো, প্রত্যেক মানুষই নিজের আদর্শ হতে পারেন। তাই সাজগোজের আট বছরের ই-কমার্স পথচলার প্রকৃত নায়ক তাদের গ্রাহকেরাই। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্রত্যেক গ্রাহকই একেকজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









