ফ্যাশন দুনিয়ায় পুরনো ট্রেন্ড ফিরে আসা নতুন কিছু নয়, তবে এবার যে স্টাইলটি আবার আলোচনায় তা একেবারেই নস্টালজিক। ওয়াই টু কে যুগের জনপ্রিয় অ্যাক্সেসরি ‘বেলি চেইন’ বা কোমরের চেইন আবারও জায়গা করে নিচ্ছে সমসাময়িক ফ্যাশনে। আর এই ট্রেন্ডকে নতুনভাবে সামনে আনছেন বর্তমান প্রজন্মের তারকারাই।
ওয়াই টু কে ফ্যাশনের ঝলক আবারো ফিরে এসেছে। এর সবচেয়ে আলোচিত রূপ এখন ‘বেলি চেইন’। বিকিনি থেকে শুরু করে ক্রপ টপ, স্ট্রিট স্টাইল থেকে রেড কার্পেট- সব জায়গাতেই এই ছোট অ্যাক্সেসরিই এখন বড় স্টেটমেন্ট হয়ে উঠছে। কাইলি জেনার, ডুয়া লিপা, বেলা হাদিদ থেকে শুরু করে সোনম কাপুর, দিশা পাটানি পর্যন্ত বিশ্বজুড়ে তারকারা যেভাবে বেলি চেইনকে নতুন করে স্টাইল করছেন, তাতে স্পষ্ট- এটি আর শুধু নস্টালজিয়া নয়, বরং সামার ফ্যাশনের নতুন ভাষা।

এই ট্রেন্ডকে জনপ্রিয় করে তুলতে বড় ভূমিকা রাখছেন কাইলি জেনার
ওয়াই টু কে থেকে বর্তমান, স্টাইলের নতুন সংজ্ঞা
চলতি শতাব্দীর প্রথম দশকে পপ কালচারের বড় অংশ ছিল বেলি চেইন। এখন সেই ট্রেন্ডই ফিরে এসেছে আরো মিনিমাল, চিক এবং বহুমাত্রিক রূপে। আগের ভারি কোমরব্যান্ডের জায়গায় এখন দেখা যাচ্ছে আল্ট্রা-থিন চেইন, ছোট চার্ম, এমনকি পার্সোনালাইজড ডিজাইন- যা সহজেই মিশে যাচ্ছে আধুনিক আউটফিটের সঙ্গে।

তারকাদের স্টাইলে বেলি চেইনের ঝলক
এই ট্রেন্ডকে জনপ্রিয় করে তুলতে বড় ভূমিকা রাখছেন কাইলি জেনার। কোচেল্লা ফেস্টিভ্যালে তার লুকেই দেখা গেছে এই স্টাইলের আধুনিক ব্যবহার। ক্যাজুয়াল পোশাকের সঙ্গে একটি পাতলা গোল্ড বেলি চেইন- যা তার সামার স্টাইলকে দিয়েছে সূক্ষ্ম গ্ল্যাম।
অন্যদিকে হেইলি বিবার এই ট্রেন্ডে এনেছেন একেবারে ব্যক্তিগত ছোঁয়া। নিজের বিউটি ব্র্যান্ডের নামে তৈরি কাস্টম চেইন, যেখানে লিপ গ্লস রাখার ছোট হোল্ডার- স্টাইল আর ফাংশনের চমৎকার মিশেল।
বলিউড অভিনেত্রী দিশা পাটানি এই ট্রেন্ডকে নিয়ে গেছেন আরো গ্ল্যামারাস পর্যায়ে। অ্যাথলেজার লুকের সঙ্গে ডাবল ডায়মন্ড বেলি চেইন ব্যবহার করে তিনি দেখিয়েছেন কীভাবে একটি ছোট অ্যাক্সেসরিই পুরো লুককে বদলে দিতে পারে।
জেন জি স্টাইল আইকন আলায়া এফ বেছে নিয়েছেন লেয়ারিং। লো-ওয়েস্ট জিন্স আর ক্রপ টপের সঙ্গে একাধিক সিলভার চেইন ও বাটারফ্লাই মোটিফ। যা তার লুকে যোগ করেছে স্পোর্টস ভাইব।
আর সোনম কাপুর প্রমাণ করেছেন, এই ট্রেন্ড শুধু ক্যাজুয়াল নয়। হাই ফ্যাশনেও সমানভাবে মানানসই। ম্যাটারনিটি লুকেও একটি মিনিমাল বেলি চেইন যোগ করে তিনি এনেছেন এলিগ্যান্ট গ্ল্যাম।

কীভাবে স্টাইল করবেন?
বেলি চেইন এখন আর শুধু সমুদ্রসৈকতের জন্য নয়। এটি হতে পারে আপনার সামার ড্রেস, ক্রপ টপ বা শাড়ির সঙ্গেও এক অনন্য অ্যাকসেন্ট। মিনিমাল রাখতে চাইলে পাতলা চেইন, আর একটু বোল্ড লুকের জন্য লেয়ারিং- দুটোই এখন ট্রেন্ডে।
ছোট অ্যাক্সেসরি, বড় স্টেটমেন্ট
ফ্যাশনে কখনো কখনো ছোট একটি ডিটেইলই সবচেয়ে বড় প্রভাব ফেলে। বেলি চেইন তারই উদাহরণ। ওয়াই২কে (Y2K) নস্টালজিয়া আর আধুনিক মিনিমালিজমের মেলবন্ধনে এটি এখন হয়ে উঠছে সামারের সবচেয়ে আলোচিত অ্যাক্সেসরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









