দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম, সাফল্য, উন্নয়ন কর্মকাণ্ড এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে নতুন মিডিয়া সেল ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ মিডিয়া সেলের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সরকারের উন্নয়ন কার্যক্রম এবং মাটি ও মানুষের কল্যাণে আনসার-ভিডিপির অবদান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আনসার ও ভিডিপির বিশাল সদস্যশক্তিকে প্রচলিত কর্মকাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রযুক্তিনির্ভর ও আধুনিক কর্মধারায় যুক্ত করতে হবে। তিনি জানান, বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যকে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় এনে তাদের দক্ষতা, সক্ষমতা ও ইতিবাচক কর্মকাণ্ড জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে আনসার-ভিডিপিকে আরও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, এটি শুধু একটি মিডিয়া সেলের উদ্বোধন নয়, বরং বাহিনীর তথ্য ও জনসংযোগ কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার নতুন উদ্যোগ। তিনি বলেন, এই প্ল্যাটফর্ম সত্য, নির্ভুল ও যাচাইকৃত তথ্য প্রচারের পাশাপাশি বাহিনীর সাফল্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরবে।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আনসার ও ভিডিপির সদস্যদের মাধ্যমে সরকারের আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রম আরও সংগঠিতভাবে বাস্তবায়ন করা সম্ভব। ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর মাধ্যমে প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম, সাফল্যের গল্প এবং সমাজ উন্নয়নে বাহিনীর ভূমিকা তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও বাস্তব চিত্র মূলধারার গণমাধ্যমে সবসময় উঠে আসে না। নতুন এই প্ল্যাটফর্ম এসব বিষয় তুলে ধরার পাশাপাশি গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধেও ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, উপমহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘প্রান্তিক কণ্ঠস্বর’ আনসার ও ভিডিপির তথ্যপ্রবাহকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনমুখী করার পাশাপাশি প্রান্তিক মানুষের কথা জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









