১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে সিভিল জজ নিয়োগের জন্য সাময়িকভাবে ২০০ জন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থী অসত্য তথ্য দিলে, তথ্য গোপন করলে, যোগ্যতার কোনো ঘাটতি থাকলে কিংবা আবেদনপত্রে কোনো ধরনের অসঙ্গতি বা গরমিল পাওয়া গেলে তার মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের উপস্থিতির স্থান, তারিখ ও সময় নির্ধারণ করে যথাসময়ে দৈনিক পত্রিকা, কমিশনের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রার্থী অযোগ্য ঘোষিত হলে কিংবা প্রাক-পরিচয় যাচাই বা পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে তার মনোনয়নও বাতিল হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এই সাময়িক মনোনয়ন কোনো প্রার্থীর নিয়োগ পাওয়ার অধিকার সৃষ্টি করে না। প্রকাশিত ফলাফলে কোনো ত্রুটি ধরা পড়লে বা যুক্তিসংগত কারণে প্রয়োজন মনে করলে কমিশন ফলাফল পরিবর্তন, সংশোধন বা পুনর্নির্ধারণের ক্ষমতা সংরক্ষণ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









