পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই মাস আগে আমিনবাজার এলাকার যে অবস্থা ছিল, বর্তমানে সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের ফলে এলাকাটি আরও দৃষ্টিনন্দন হয়ে উঠেছে। পাশাপাশি আশপাশের বাসিন্দারাও তুলনামূলক সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে শ্বাস নেওয়ার সুযোগ পাচ্ছেন।
এ উদ্যোগ বাস্তবায়নে ভূমিকা রাখার জন্য ঢাকা জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।
তারেক রহমান বলেন, সরকারি উদ্যোগে একটি এলাকাকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব হয়েছে। তবে এ সৌন্দর্য ও পরিবেশের উন্নয়ন ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, স্থানীয় বাসিন্দাদেরও রয়েছে। সবাই সম্মিলিতভাবে সহযোগিতা করলে এলাকাটিকে আরও সবুজ ও বাসযোগ্য করে তোলা যাবে।
মানুষ যেন নির্মল পরিবেশে স্বস্তিতে শ্বাস নিতে পারে এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারে, সে লক্ষ্য সামনে রেখে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও আশা প্রকাশ করেন, জেলা প্রশাসনের উদ্যোগের সঙ্গে জনপ্রতিনিধিরা সমন্বয় করে কাজ করলে এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশসংক্রান্ত সমস্যাগুলো ধাপে ধাপে সমাধান করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









