প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম ইউনিট থেকে প্রথম বারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।
পরীক্ষামূলকভাবে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে সাড়ে তিনশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কয়েক ঘণ্টার জন্য জাতীয় গ্রিডে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নিয়ে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগ কার্যক্রমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮-১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা, স্থিতিশিলতা পর্য়বেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হবে।
পরবর্তীতে, বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘন্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।
এর আগে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. খালেকুজ্জামান জানান, জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ যুক্ত করার অর্থ এই নয় যে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে কেন্দ্রটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রকল্পসংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, এরই মধ্যে রিঅ্যাক্টর, টারবাইনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির সক্ষমতা যাচাই ও পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ নভেম্বর রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে চূড়ান্তভাবে যুক্ত করার লক্ষ্য রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে। তবে চূড়ান্ত সংযোগের আগে সম্ভাব্য ত্রুটি বা জটিলতা শনাক্ত করতে সাময়িকভাবে পরীক্ষামূলক সংযোগ দেওয়া হয়েছে।
পারমাণবিক জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তিতে পানি থেকে বাষ্প তৈরি হয়। সেই বাষ্পের চাপে টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হয় বিদ্যুৎ। শুরুতে বিদ্যুৎকেন্দ্রটি মাত্র ৩ শতাংশ সক্ষমতায় চালানো হবে। পরে ধাপে ধাপে উৎপাদনক্ষমতা বাড়িয়ে ২৫-৩০ শতাংশে উন্নীত করা হলে জাতীয় গ্রিডে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেতে পারে।
এরপরও চলবে বিভিন্ন ধরনের নিরাপত্তা, কারিগরি ও সক্ষমতা যাচাইয়ের পরীক্ষা। উৎপাদন বাড়িয়ে পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের ধাপ শেষ হওয়ার পর শুরু হবে বাণিজ্যিক উৎপাদন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








