স্মার্টফোনের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন করেছে গুগল। এই ফোনে নিজেদের এআই প্রযুক্তি জেমিনিকে আরও বেশি গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। এমন সময় গুগলের নতুন ফোন বাজারে এল, যখন অ্যাপলও গুগলের এআই মডেল ব্যবহার করে সিরিকে নতুন করে সাজানোর প্রস্তুতি নিচ্ছে।
বুধবার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট নতুন পিক্সেল ১১ সিরিজ উন্মোচন করে। এতে রয়েছে পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল ও পিক্সেল ১১ প্রো ফোল্ড। তবে ফোনের হার্ডওয়্যারের পাশাপাশি জেমিনি ইন্টেলিজেন্সকেই এবার বড় করে দেখাচ্ছে গুগল।
নতুন এআই সুবিধাগুলো ফোনে ব্যবহারকারীর কাজ বুঝে বিভিন্ন অ্যাপে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। যেমন বার্তা, ক্যালেন্ডার, মানচিত্রসহ গুগলের বিভিন্ন সেবা থেকে তথ্য নিয়ে জেমিনি কোনো কাজের পরবর্তী ধাপ সাজিয়ে দিতে পারবে। ভ্রমণের বিভিন্ন বিকল্প তুলনা করা, কোনো জায়গায় আসন বা সময় পাওয়া যাবে কি না দেখা কিংবা রেস্তোরাঁয় বুকিংয়ের কাজ শুরু করতেও এটি সহায়তা করতে পারবে। এসব সুবিধার জন্য আলাদা কোনো চ্যাটবট খুলতে হবে না; ফোনের অপারেটিং সিস্টেমের মধ্যেই এআই সুবিধাগুলো কাজ করবে।
![]()
গুগলের ডিভাইস বিভাগের প্রধান রিক অস্টারলো সিএনবিসিকে বলেন, এআই স্মার্টফোন ব্যবহারের ধরনই বদলে দিতে পারে। তাঁর মতে, গত ১০ থেকে ১৫ বছরে মোবাইল ফোন ও ল্যাপটপ ব্যবহারে বড় পরিবর্তন আসেনি। তবে এখন পরিস্থিতি দ্রুত বদলাতে যাচ্ছে। জেমিনি শুধু তথ্য খুঁজে দেবে না, ব্যবহারকারীর হয়ে কাজও করতে পারবে।
এদিকে অ্যাপলও গুগলের জেমিনি মডেল ব্যবহার করে সিরিকে নতুন করে তৈরি করছে। তবে অস্টারলো বলেন, পিক্সেল ও আইফোন ভিন্ন পথে এগোচ্ছে। নতুন প্রযুক্তি, বিশেষ করে জেমিনি ও এআইকে সামনে রেখেই পিক্সেলের কৌশল সাজাচ্ছে গুগল। তিনি আরও জানান, ভবিষ্যতে ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিভাইস ব্যবহারের প্রধান মাধ্যম হয়ে উঠতে পারে জেমিনি।

সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








