বহু বছর পর বড় মঞ্চে ফিরে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। তবে হলিউড বোলের দ্বিতীয় কনসার্টে সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। মঞ্চে নিজের আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন এই গায়িকা।
রবিবার পরিবেশনায় দর্শকদের উদ্দেশে মাইলি বলেন, প্রথম রাতের অনুষ্ঠান নিয়ে কিছু মন্তব্য ছিল কেবল আলোচনায় আসার উদ্দেশ্যে করা। হলিউড বোলের এই আয়োজন দর্শকদের নিয়ে কোনো পরীক্ষা নয়, বরং এটি তার নিজের অভিজ্ঞতা।
মাইলি স্বীকার করেন, আগের মতো এখন আর মঞ্চে গান পরিবেশন করা তার কাছে স্বাভাবিক মনে হয় না। এমনকি দ্বিতীয় রাতের অনুষ্ঠানে মঞ্চে ওঠা নিয়েও তার মনে দ্বিধা ছিল। তবে দর্শকদের আসনে বসিয়ে রেখে অপূর্ণ অভিজ্ঞতা দিয়ে চলে যাওয়ার কথা কখনো ভাবেননি তিনি।
মাইলি বলেন, অনেক কিছুই তিনি সহ্য করতে পারেন, কিন্তু মঞ্চে তার আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন সহ্য করবেন না। এই মুহূর্তে দর্শকদের সঙ্গে সময় কাটানোই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরে তিনি মজা করে বলেন, পরিবেশনার সময় ডিগবাজি না দেওয়ার কারণ হলো, তাকে সরাসরি গানও গাইতে হয়।

এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত কনসার্ট সফরে না যাওয়া মাইলির এই দুই রাতের আয়োজন নিয়ে অনলাইনে সমালোচনা হয়েছিল। বিশেষ করে ‘রেকিং বল’ ও ‘পার্টি ইন দ্য ইউএসএ’-এর মতো পুরোনো গানে দর্শক ও আগে থেকে ধারণ করা কণ্ঠের ওপর নির্ভর করার অভিযোগ ওঠে। দ্বিতীয় রাতে গানগুলোতে তাকে তুলনামূলক বেশি গাইতে দেখা যায়।
অনুষ্ঠানে প্রয়াত ধর্মমাতা ডলি পার্টনের প্রতিও শ্রদ্ধা জানান মাইলি। পার্টনের বিখ্যাত গান ‘জোলিন’ গাওয়ার আগে তার স্মৃতিচারণা করেন তিনি। মাইলি জানান, ডলির উপস্থিতি অনুভব করা এবং দর্শকদের ভালোবাসা তাকে আবেগ সামলাতে সাহায্য করছে। তিনি বলেন, এই আয়োজন দর্শকদের পাশাপাশি ডলির জন্যও উৎসর্গ করা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









