প্রযুক্তি দুনিয়ায় আবারও কৌতূহল বাড়িয়ে দিয়েছে অ্যাপল। ৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় নিজেদের সদর দপ্তরে বিশেষ পণ্য উন্মোচন অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে অনুষ্ঠান। গণমাধ্যমকে পাঠানো আমন্ত্রণপত্রে লেখা হয়েছে, ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। সঙ্গে রয়েছে আলো ছড়ানো অ্যাপলের লোগো।
অ্যাপলের এই আয়োজন ঘিরে আগ্রহের বড় কারণ নতুন আইফোন। বাজার বিশ্লেষকদের ধারণা, অনুষ্ঠানে আইফোনের নতুন মডেলের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচও উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি। এর মধ্যে সবচেয়ে আলোচিত সম্ভাবনা—অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন।
ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে স্যামসাংসহ বিভিন্ন নির্মাতা বেশ কয়েক বছর ধরে কাজ করছে। অ্যাপল এত দিন সেই দৌড়ে সরাসরি নামেনি। ফলে প্রতিষ্ঠানটি সত্যিই ভাঁজ করা যায় এমন আইফোন আনলে সেটি স্মার্টফোন বাজারে বড় আলোচনার জন্ম দিতে পারে। তবে অনুষ্ঠানের আগে অ্যাপল নতুন পণ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
শুধু আইফোন নয়, অ্যাপল ওয়াচের নতুন সংস্করণও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে। ব্যবহারকারীদের স্বাস্থ্য, যোগাযোগ ও দৈনন্দিন কাজের সঙ্গে স্মার্টওয়াচের সম্পর্ক আরও গভীর করার দিকেই প্রতিষ্ঠানটি এগোচ্ছে বলে মনে করা হচ্ছে।
অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগও এবারের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নতুন ‘সিরি এআই’ উন্মোচনের কথা রয়েছে। আধুনিক লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তির সাহায্যে তৈরি এই সংস্করণ আগের সিরির তুলনায় অনেক বেশি সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে বার্তা পাঠানো, ক্যালেন্ডারসহ বিভিন্ন অ্যাপের সঙ্গে সরাসরি কাজ করার সক্ষমতা পেতে পারে এটি।

তবে এবারের অনুষ্ঠান শুধু নতুন পণ্যের জন্য নয়, নেতৃত্বের পরিবর্তনের কারণেও ঐতিহাসিক। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এটি হবে জন টার্নাসের প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান।
বর্তমান সিইও টিম কুক ১ সেপ্টেম্বর দায়িত্ব ছাড়বেন এবং নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেবেন। তাঁর স্থলাভিষিক্ত হবেন জন টার্নাস। অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের নেতৃত্বে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা টার্নাসের হাতে এখন বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ।
এই পরিবর্তনের পর প্রথম আইফোন উন্মোচন অনুষ্ঠানেই তাই নজর থাকবে দুটি জায়গায়—অ্যাপল কী দেখায়, আর নতুন সিইও জন টার্নাসের নেতৃত্বে প্রতিষ্ঠানটি কোন পথে হাঁটতে শুরু করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









