রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

৭০০ উইকেটের এভারেস্টে ঝলমলে রশিদ খান

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৮ পিএম

৭০০ উইকেটের এভারেস্টে ঝলমলে রশিদ খান

চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপে এক অনন্য ও অবিশ্বাস্য উচ্চতায় পা রাখলেন আফগান জাদুকর রশিদ খান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২ উইকেট নিয়ে থেমে গিয়েছিলেন ৬৯৯ উইকেটে। এরপর অপেক্ষার প্রহরটা দীর্ঘ হয়েছে আজকের ম্যাচ পর্যন্ত।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রথম বোলার হিসেবে স্বীকৃত টি-টুয়েন্টিতে ৭০০ উইকেটের ‘এভারেস্ট’ জয় করলেন রশিদ খান।

আরব আমিরাতের বিপক্ষে ১৬তম ওভারে নিজের শেষ স্পেল করতে আসেন রশিদ। ব্যাটার মোহাম্মদ আরফান তার বলে রিভার্স সুইপ করতে গিয়ে ভারসাম্য হারিয়ে উল্টো স্টাম্পে আঘাত করে বসলেন। হিট উইকেট! অদ্ভুত এক আউটে ধরা দিল সেই ঐতিহাসিক ৭০০তম উইকেট।

টি-টুয়েন্টি ক্রিকেটে আফগান অধিনায়ক এখন এমন এক উচ্চতায়, যেখানে বাকিদের পক্ষে তাকে ছোঁয়া ভীষণ কঠিন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১। বর্তমানে খেলছেন এমন বোলারদের মধ্যে রশিদের ধারেকাছে আছেন শুধু আরেক ক্যারিবিয়ান সুনীল নারাইন (৬১৩ উইকেট)।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতেও রশিদ সবার ওপরে। আজকের এই উইকেটটি ছিল দেশের জার্সিতে তার ১৯১তম। এখানে তার পেছনে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪) ও ইশ সোধি (১৬২)।

বিশ্বকাপ শুরুর আগে থেকেই সংবাদ সম্মেলনে ঘুরেফিরে আসছিল এই ৭০০ উইকেটের প্রসঙ্গ।

গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে অবলীলায় বলেছিলেন, ‘আমি এমন কোনো লক্ষ্য ঠিক করিনি যে ৭০০ উইকেট নিয়েই থেমে যাব। দেশের হয়ে যখন বিশ্বকাপে খেলি, আমার শতভাগ চেষ্টা থাকে দলের প্রয়োজনে উইকেট নেওয়া।’

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.