মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টের সুবাদে পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। নতুন স্টেডিয়ামে জয়ের অপেক্ষা শেষ হলো ইন্টার মায়ামির। ৪ ম্যাচ পর নতুন ঘরের মাঠ নু স্টেডিয়ামে প্রথম জয় পেল ফ্লোরিডার ক্লাবটি।
রোববার নু স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়েই পোর্টল্যান্ডের রক্ষণকে ব্যস্ত রাখেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। বিশ্বকাপ শুরুর এক মাসেরও কম সময় আগে নিজের সামর্থ্যের আরেকটি ঝলক দেখালেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
ম্যাচের আধঘন্টা পেরোতেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। গোলটির শুরু ও শেষ দুটিতেই ছিলেন তিনি।
দশ মিনিট পর মেসির জাদুতে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বল বাড়ান স্বদেশি রদ্রিগো দে পল। মেসি এরপর সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ঢুকে পড়েন বক্সে। চার ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে বল সাজিয়ে দেন সতীর্থকে। সহজ ট্যাপ-ইনে গোল করতে ভুল করেননি জার্মান বেতেরাম।
প্রথমার্ধের সেই দাপটের পর দ্বিতীয়ার্ধে খেলার গতি কিছুটা কমে যায়। তবু গোল বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ের বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
যোগ করা সময়ে ফ্রি-কিক থেকেও প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন মেসি। তবে পোর্টল্যান্ড গোলরক্ষক জেমস প্যান্টেমিস দুর্দান্ত সেভে বলটি ওপরের কর্নার থেকে ঠেকিয়ে দেন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ফিরতে লড়াই চালায় অতিথিরা। তবে স্বাগতিক রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় টিম্বার্সের ফরোয়ার্ডরা। মায়ামিও মিস করে কয়েকটি সুযোগ। শেষ পর্যন্ত প্রথমার্ধের লিড স্কোর অপরিবর্তিত রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে মেসিরা।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের আগে মায়ামির আরেকটি ম্যাচ বাকি আছে। আগামী ২৫ মে বাংলাদেশ সময় ভোর ৫টায় ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে খেলবে ফ্লোরিডার ক্লাবটি। সেই ম্যাচ খেলে আর্জেন্টিনার বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









