দেশজুড়ে ধীরে ধীরে বাড়ছে বৃষ্টিপাতের প্রবণতা। আষাঢ়ের শুরুতে তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর মঙ্গলবার (৩০ জুন) থেকে আবহাওয়ায় পরিবর্তন দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে সারা দেশেই বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।
বুধবারের (১ জুলাই) পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বুধবার (১ জুলাই) দুপুরের মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) মধ্যরাত থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) সকালেও রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে, ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার (১ জুলাই) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









