দেশজুড়ে এক থমথমে ও উত্তাল পরিস্থিতি। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের কর্মসূচি, ডিসেম্বরের সম্ভাব্য নাশকতা এবং দেশের বিভিন্ন প্রান্তে আকস্মিক ককটেল হামলা ও অগ্নিসংযোগের ঘটনাগুলো জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের আজকের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকস্মিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, এবং পুলিশ ও সরকারি স্থাপনায় হামলার মতো সহিংস ঘটনা ঘটছে।
বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল হাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মহড়া এবং সড়ক অবরোধের ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৪ ঘণ্টার এই সহিংসতা ও নাশকতার ঢেউয়ে পিরোজপুরে ঘুমন্ত এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশজুড়ে চলমান এসব সহিংস ঘটনায় আওয়ামী লীগের ৭১ জন নেতাকর্মীসহ মোট সাড়ে ৫ শতাধিক গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে রাজধানী ঢাকার অলিগলি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা, অন্যদিকে গোপালগঞ্জ ও এর আশপাশের জেলাগুলোতে তীব্র অস্থিরতা—সবমিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন এক চরম চ্যালেঞ্জের মুখে।
বিশেষ করে, টুঙ্গিপাড়ায় থানায় হামলা, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া এবং দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও প্রাণহানির ঘটনাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে আজকের কর্মসূচিকে ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে গোপালগঞ্জসহ সারাদেশে। পরিস্থিতি কোন দিকে যায়, তা নিয়ে উৎকণ্ঠায় সাধারণ মানুষ। অবস্থা দেখে মনে হচ্ছে, এই নাশকতার টার্গেট রাজধানী ঢাকা। এক রাতের সহিংসতা কাটিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আজকের লকডাউন কর্মসূচিকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক কর্মসূচি ঘিরে আর কোনো সংঘাত নয়, বরং ফিরে আসুক শান্তি ও স্বাভাবিক জীবনযাত্রা।
এদিকে দেশের বিভিন্ন জেলায় নাশকতা ও সহিংসতার ঘটনার পর রাজধানীতে আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন যাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। নিয়াজ মেহেদী বলেন, কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। তিনি বলেন, বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন তাদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে। ডিএমপির এই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারিও চলছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন।
ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল হামলা, বাসে অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 'লকডাউন' কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা ককটেল হামলা ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রাণহানির খবরও পাওয়া যাচ্ছে। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর অন্তত সাতটি এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে রমনা, মহাখালী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, মতিঝিল, খিলগাঁও ও বনানী। তবে এসব বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, বুধবার ভোরে বরিশালের পিরোজপুরে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দু'টি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে এক বাসের হেলপারের মৃত্যু হয়েছে। এ ছাড়া এদিন সকাল থেকে দেশের আরও কয়েকটি স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বিশেষ করে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার ভোর থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে তারা। এর আগে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা চালানোর পর সেখানে অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত দশটি যানবাহন পুড়ে গেছে। মূলত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের কর্মসূচিকে সামনে রেখে এসব ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে জনমনে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর, আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে এইসব ঘটনা এমন সময়ে ঘটছে যখন মজুরি বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা লাগাতর বিক্ষোভ করছেন। প্রশ্ন উঠেছে, একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? আজকের কর্মসূচিকে ঘিরেই বা তাদের প্রস্তুতি কী?
বর্তমানে দেশের যেসব জেলায় উত্তেজনা, অস্থিরতা বিরাজ করছে, তার মাঝে শীর্ষে গোপালগঞ্জ। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বুধবারও গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। টুঙ্গিপাড়ায় এখনও সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। চলমান পরিস্থিতির সব থেকে বেশি প্রভাব পড়েছে টুঙ্গিপাড়ায়। টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের দিকে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। সড়কটির নিলফাবাজার এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে মাইকে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ বাজানো হচ্ছে।
মঙ্গলবার রাতে নিলফাবাজার এলাকার বেশ কিছু দোকানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছিল। যার চিহ্ন এখনও ওই এলাকায় রয়েছে। এছাড়া, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পুড়ে যাওয়া অন্তত চারটি যানবাহনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখেছেন তিনি। এছাড়া, গোপালগঞ্জের কাশিয়ানিতে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিস ভাংচুরের খবরও পাওয়া গেছে। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, ছাত্রলীগের মিছিলের সামনে পড়ে যাওয়ায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে তারা। সেইসাথে, কাশিয়ানীর রামদিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আওয়ামীলীগ অফিস খুলে দেয় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এই ঘটনায় গোপালগঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলো বিবিসি বাংলা। কিন্তু বেলা তিনটা পর্যন্ত তাদের কাউকে পাওয়া যায়নি। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছিলো। সেদিন পুলিশের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উত্তেজনার একপর্যায়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে পুলিশের গাড়ি ও পুলিশ মেসেও আগুন দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করলে হামলাকারীদের মধ্যে অন্তত দু'জন আহতও হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত দশটি যানবাহন পুড়ে গেছে। তবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুন মুনীরা জানিয়েছেন, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজন পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। আহতরা ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়দের দেওয়া পুলিশের তথ্য অনুযায়ী, রাত দশটার দিকে রমনায় ঢাকা জেলার পুলিশ সুপারের বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই রাতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট, আসাদগেট, বসিলা ও রেসিডেনসিয়াল মডেল কলেজের আশপাশেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া শিয়া মসজিদ এলাকা থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভার থেকে নিচের সড়কে দুটি ককটেল নিক্ষেপের খবর পাওয়া গেছে। ওয়ারীতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয়ের সামনে, মহাখালী বাস টার্মিনালের কাছে এবং খিলগাঁওয়ের একটি পুলিশ ফাঁড়ির সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে।
অন্যদিকে, বনানীতে একটি ট্রাফিক পুলিশ বক্স লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। তবে এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, ককটেল বিস্ফোরণের পাশাপাশি ঢাকার রামপুরা, বাড্ডা, পল্লবী ও মহাখালীতে অন্তত চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই সবগুলোই ছিল যাত্রীবাহী বাস। ঢাকার বাইরে পিরোজপুরে বুধবার ভোরে একটি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় একটি বাসের ভেতরে থাকা এক হেলপার আগুনে পুড়ে মারা যান।
এর আগে মঙ্গলবার গভীর রাতে জেলার নাজিরপুর উপজেলার কয়েকটি দোকানে অগ্নিসংযোগ এবং শাঁখারিকাঠী ইউনিয়ন পরিষদের গুদামে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দোকানগুলোর মালিক স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতার এবং গুদামটিতে টিসিবির চালের বস্তা রাখা ছিল। এদিকে, মঙ্গলবার রাত আটটার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিএনপির স্থানীয় একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ সময় কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। পরে রাত সোয়া নয়টার দিকে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লার ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হত্যা করেছেন। বুধবার ভোরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই রাতে কুমিল্লায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
অন্যদিকে, চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর পুলিশ বক্সেও মঙ্গলবার গভীর রাতে আগুন দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুরের জোড়পুকুর এলাকার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। কে বা কারা আগুন দিয়েছিলো, তা জানতে চাইলে বুধবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বিবিসি বাংলাকে জানিয়েছেন, এই বিষয়টি এখনো তদন্তাধীন।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ার পর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত সাতই নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে অন্তত ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, পুলিশের একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় এবং দু'টি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এবং মুখপাত্র কামরুন মুনীরা জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মসূচির নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, জননিরাপত্তা বিঘ্নিত করা, নাশকতা, সহিংসতা কিংবা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তিনি জানান, আওয়ামী লীগের ডাকা আগামীকালের কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় পুলিশের গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা প্রস্তুতি থাকবে। জনগণের জানমাল এবং সরকারি-বেসরকারি সম্পদ রক্ষায় পুলিশ সতর্ক থাকবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও নজর রাখা হবে বলেও জানান তিনি।
এদিকে, ঢাকায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনের ৭১ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি পুলিশের মোবাইল টহল, মোটরসাইকেল টহল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, সম্ভাব্য নাশকতা ঠেকাতে রাজধানীতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কি না, এমন প্রশ্নে নিয়াজ মেহেদী বলেন, যাদের ধরা হয়েছে, তাদের অনেককে হাতেনাতে ধরা হয়েছে এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, এটি তদন্তের বিষয়। এছাড়া, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কতটি ককটেল বিস্ফোরণ বা যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সে তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ডিএমপির এই কর্মকর্তা।
ডিসেম্বরজুড়ে নাশকতার আশঙ্কা, টার্গেট ঢাকা
নভেম্বরের শেষ ভাগ থেকে ডিসেম্বরজুড়ে দেশজুড়ে নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশের তৎপরতা এবং বিদেশে অবস্থানরত নেতাদের নির্দেশনা ও অর্থায়নে সরকারি স্থাপনা, পুলিশি স্থাপনা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার পরিকল্পনা করা হচ্ছে বলে আশঙ্কা করছে পুলিশ। এর মধ্যে বিশেষ লক্ষ্যবস্তু হিসেবে দেখা হচ্ছে রাজধানী ঢাকাকে। ঢাকায় আকস্মিক জমায়েত, প্রবেশপথে প্রতিবন্ধকতা তৈরি এবং গুরুত্বপূর্ণ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি নাশকতার পরিকল্পনাকারী, অর্থদাতা ও ইন্ধনদাতাদের শনাক্ত, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা করছে পুলিশ।
পুলিশ ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সম্ভাব্য নাশকতার পরিকল্পনা শুধু রাজধানীতে কোনো রাজনৈতিক জমায়েত বা যানবাহনে অগ্নিসংযোগের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। সরকারি অফিস-ভবন, আদালত, থানা, আর্থিক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থাকে লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে। বিশেষ গোয়েন্দা তথ্যে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের নির্দেশনা ও অর্থায়নে দেশের বিভিন্ন এলাকায় কমিটি গঠন করে সরকারি অফিস ও ভবনে নাশকতার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা এসব কর্মকাণ্ড সমন্বয় করতে পারেন বলে গোয়েন্দাদের ধারণা। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, মোবাইলফোনের কথোপকথন, সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী ও মাঠপর্যায়ের সমন্বয়কারীদের শনাক্তের চেষ্টা চলছে।
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোকজন সংগঠিত করে রাজধানীর কোনো একটি অংশে হঠাৎ জমায়েত করার পরিকল্পনার আশঙ্কা রয়েছে। এরপর রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থায় অবরোধ সৃষ্টি করে ঢাকাকে কার্যত অচল বা বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। এ ধরনের জমায়েতকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি স্থাপনায় হামলার পরিস্থিতি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গোয়েন্দা সূত্রগুলোর ধারণা, রাজধানীর ভেতরে একাধিক জায়গায় একযোগে জমায়েত কিংবা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে। তবে ঢাকাকে ঘিরে এমন কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়েছে কি না, কোথায় লোকজন জড়ো করা হবে কিংবা কারা সমন্বয় করছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি কর্মকর্তারা। গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্য যাচাই করছে।
গোপালগঞ্জ ও আশপাশের জেলার পরিস্থিতি নিয়েও বিশেষ উদ্বেগ রয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ চারটি জেলাকে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ, যানবাহনে আগুন এবং যোগাযোগব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করে এমন পরিস্থিতি তৈরির পরিকল্পনার তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ধারাবাহিকতায় পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনাও নিরাপত্তা পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। এ কারণে রাজধানীর পাশাপাশি গোপালগঞ্জ এবং আশপাশের জেলাগুলোর প্রবেশপথ, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়তি নজরদারির পরিকল্পনা নেওয়া হয়েছে।
গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বাস ও অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনার মধ্যে রাজধানী ও আশপাশের এলাকা ছাড়াও বিভিন্ন জেলার ঘটনা রয়েছে। পুলিশের ধারণা, ঘটনাগুলোর মধ্যে কোনো সমন্বয় বা পরিকল্পিত যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তবে সাম্প্রতিক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোকে ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কার সঙ্গে মিলিয়ে দেখছেন গোয়েন্দা কর্মকর্তারা।
গোয়েন্দা সূত্রের দাবি, সাম্প্রতিক নাশকতার ঘটনায় অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্তের কাজও এগিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইলফোনের কথোপকথন, বার্তা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে বিদেশে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে দেশের ভেতরের কয়েকজনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কয়েকজনের অর্থায়নের অভিযোগও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা সমন্বয় করে নাশকতার ঘটনা ঘটাচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কিছু ঘটনায় অর্থের বিনিময়ে লোক ভাড়া করে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তদন্তসংশ্লিষ্টদের দাবি। আবার কিছু ঘটনায় দলটির নেতাকর্মীরা সরাসরি অংশ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গার্মেন্টসশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন ঘিরেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর সংশ্লিষ্টতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কর্মপরিবেশ ও অন্যান্য দাবিতে চলা আন্দোলনের সঙ্গে রাজনৈতিক ইন্ধনের অভিযোগকে এক করে দেখছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের বক্তব্য, শ্রমিকদের ন্যায্য দাবি ও আন্দোলনের অধিকার রয়েছে, কিন্তু সেই আন্দোলনের মধ্যে কোনো পক্ষ ঢুকে সহিংসতা, অগ্নিসংযোগ বা পুলিশের ওপর হামলার মতো ঘটনা ঘটাচ্ছে কি না, তা তদন্ত করা হচ্ছে। শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে বলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আগেও আশঙ্কা প্রকাশ করেছেন।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, পুলিশের নজরদারি ও টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং দ্রুততম সময়ে সাড়া দেওয়ার মতো কার্যক্রম গ্রহণ করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে। কাউকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির ৬৪ জেলার পুলিশ সুপার, আট মহানগরের পুলিশ কমিশনার এবং আট রেঞ্জের উপমহাপরিদর্শককে বিশেষ নির্দেশনা দিয়েছেন। নাশকতায় সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর আশপাশের জেলাগুলোর পুলিশ সুপারদেরও সতর্ক থাকতে বলা হয়েছে। গোপালগঞ্জে অতিরিক্ত পুলিশ সদস্যের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল, থানা ও সরকারি স্থাপনায় নজরদারি বাড়ানো হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ডিসেম্বর ঘিরে পুলিশের প্রস্তুতি শুধু সদস্য মোতায়েনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। সম্ভাব্য নাশকতার অর্থের উৎস, নির্দেশদাতা, পরিকল্পনাকারী, মাঠপর্যায়ের সমন্বয়কারী এবং সরাসরি হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের আলাদা করে শনাক্ত করার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো উসকানিমূলক বক্তব্য, পুরোনো ঘটনার ভিডিও নতুন করে প্রচার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও শনাক্তেও কাজ করবে পুলিশের সাইবার ইউনিট।
একই সঙ্গে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। রাজধানীতে আকস্মিক জমায়েত বা ঘেরাওয়ের চেষ্টা, সরকারি অফিস-আদালত ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা এবং সড়ক-নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন করার যেকোনো অপচেষ্টা ঠেকাতে আগাম ব্যবস্থা নেওয়াই এখন পুলিশের প্রধান লক্ষ্য। সাম্প্রতিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা এবং টুঙ্গিপাড়া থানায় হামলার পর ডিসেম্বরের নিরাপত্তা পরিস্থিতিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









