গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি দক্ষিণ পাড়ার বাড়িসহ তাঁর আত্মীয়-স্বজনের অন্তত ১৫টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব বাড়িতে আগুন দেন।
এর আগে সেখানে ভাঙচুর করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, আগুন দেওয়ার আগে বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়।
অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর থেকে বন্ধ রয়েছে থানার কার্যক্রম। হামলার সময়ই থানা থেকে চলে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। হামলাকারীদের দেওয়া আগুনে পুলিশের ৯টি সরকারি গাড়ি পুরোপুরি পুড়ে গেছে।
ভাঙচুর–অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মঙ্গলবার রাত থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল বুধবার দুপুরে থানায় গিয়ে পুলিশ সদস্যদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার, ছড়িয়ে–ছিটিয়ে থাকা কাচের টুকরা আর বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে। থানার কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে জানতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পরে বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।
দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, টুঙ্গিপাড়া থানায় ভবনের প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ; তবে তালা দেওয়া নেই। ভেতরে গিয়ে দেখা যায়, থানার বিভিন্ন কক্ষে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের চিহ্ন। ওসির কক্ষ বেশি ক্ষতিগ্রস্ত। ভেতরে কয়েকটি চেয়ারের শুধু লোহার কাঠামো এবং একটি রেফ্রিজারেটরের পোড়া অবয়ব পড়ে রয়েছে। ডিউটি অফিসারের (কর্তব্যরত কর্মকর্তা) কক্ষে টেবিলের ওপর ছড়িয়ে রয়েছে ভাঙা কাচের টুকরা। একটি ডেস্কটপ কম্পিউটারও ভাঙা অবস্থায় পড়ে আছে। পাশেই হাজতখানা। কক্ষ দুটির তালা ভাঙা এবং দরজা খোলা। ওসির কক্ষের পাশের বড় কক্ষটি উপপরিদর্শকদের (এসআই) কার্যালয়। সেখানে কম্পিউটারগুলো ভাঙচুর করা হয়েছে। আগুনে পুড়ে গেছে বই, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব।
থানার দোতলায় পুলিশ সদস্যদের ব্যারাকেও একই চিত্র। সেখানে পুলিশ সদস্যদের পোশাক, তোশক, কম্বল ও অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে পড়ে রয়েছে। দুই উপপরিদর্শক (এসআই) সাধারণ পোশাকে জিনিসপত্র খুঁজছিলেন। নিচতলায়ও দুই পুলিশ সদস্যকে সাধারণ পোশাকে জিনিসপত্র খুঁজতে দেখা যায়। এক পুলিশ সদস্য বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে আটজনকে গ্রেপ্তার করার পর এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এরপর বিক্ষুব্ধ লোকজনকে আর নিয়ন্ত্রণ করা যায়নি। তাঁরা থানায় এসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। বেলা তিনটার দিকে থানা থেকে পুলিশের দুই সদস্য দুটি ট্রাংক ও আরেক পুলিশ সদস্য একটি পোড়া মোটরসাইকেল ভ্যানে নিয়ে যান। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার পুলিশের মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।
এদিকে থানায় হামলার সময় বেশ কিছু অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। তবে ছিনিয়ে নেওয়া অস্ত্রের কিছু ইতিমধ্যে উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, থানায় পুলিশের নিজস্ব অস্ত্র ছাড়া সাধারণ মানুষের জমা দেওয়া অস্ত্র এবং অন্য জেলা থেকে আসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অস্ত্র ছিল। হামলার সময় এসব অস্ত্রের মধ্য থেকে বেশ কিছু অস্ত্র নিয়ে যান বিক্ষোভকারীরা। পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে কিছু অস্ত্র ফেরত দিয়েছেন। কিছু অস্ত্র উদ্ধারও হয়েছে। এখন অল্প কয়েকটি অস্ত্র নিখোঁজ থাকতে পারে। তবে গণনা শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। মঙ্গলবার সন্ধ্যার পর থানায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আটজনকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে থানায় জড়ো হয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা।
এমপি জিলানীর বাড়িতে পোড়া ঘর, ছাইয়ের স্তূপ, লুটের চিহ্ন
পোড়া ঘরের মেঝেতে তখনো জ্বলছিল আগুন। কোথাও আসবাবের পোড়া অংশ, কোথাও ছড়িয়ে-ছিটিয়ে আছে ট্রাঙ্ক, স্যুটকেস ও ঘরের তৈজসপত্র। পুড়ে কালো হয়ে গেছে টিনের চাল। কোথাও ঘরের দেয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে নেই কোনো আসবাব। পুড়ে ছাই হয়েছে গোয়ালঘর, খড়ের পালা ও ঘরে রাখা ধান-চাল। ধ্বংসস্তূপের পাশে বসে কাঁদছিলেন এক নারী। বাড়ির বিভিন্ন স্থানে ভিড় করেছেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। কেউ ক্ষতিগ্রস্ত ঘর ঘুরে দেখছিলেন, কেউ আবার মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়ির গতকাল বুধবার দুপুরের চিত্র এটি। গতকাল মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। বাড়ির বিভিন্ন স্থানে আজ দুপুর পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।
বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়ে একটি পোড়া ঘর। কথা বলে জানা যায়, ঘরটি বিএনপির কর্মী ও এস এম জিলানীর চাচাতো ভাই তাইজুল শেখের। ঘরটির ভেতরে পোড়া আসবাবপত্র ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে। এর পশ্চিম পাশে আরেকটি টিনের ঘর। ঘরটির টিন পুড়ে কালো হয়ে গেছে। ভেতরে কোনো আসবাবপত্র বা ব্যবহারযোগ্য জিনিস চোখে পড়েনি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সেখান থেকে কিছুটা সামনে এগোতেই বাঁ পাশে দেখা যায় এস এম জিলানীর বৈঠকখানা ও অতিথিদের জন্য তৈরি করা প্যান্ডেল।
প্যান্ডেলের ভেতরে চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় পড়ে আছে। ডান পাশে থাকা একটি টিনের ঘরের চালের টিন খুলে টুকরা টুকরা করে ফেলে রাখা হয়েছে। ওই ঘরের পেছনে দুটি খড়ের পালায় তখনো আগুন জ্বলছিল। পাশেই একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। গোয়ালঘরের আশপাশে পোড়া কাঠ ও ছাই পড়ে আছে। এর উত্তর পাশে আধাপাকা একটি টিনের ঘর। ঘরটির ইটের দেয়াল দাঁড়িয়ে থাকলেও ভেতরের টিন ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের এক পাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ধান ও চাল। চালের স্তূপের একটি অংশে তখনো আগুন জ্বলছিল। এর পাশেই এস এম জিলানীর বাবার ঘর। ঘরের বাইরে একটি চেয়ার নিয়ে বসে ছিলেন তাঁর ভাই হায়দার আলী। ঘরের মেঝেতে তখনো আগুন জ্বলছিল। ভেতরে পোড়া ধান ও চাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। চালের স্তূপ থেকেও ধোঁয়া বের হচ্ছিল।
বাড়ির উত্তর পাশে এস এম জিলানীর তিনতলা ভবন। ভবনের ভেতরে ঢুকতেই ডান পাশে ডাইনিং কক্ষ। সেখানে মেঝেতে ছড়িয়ে ছিল রান্না করা তরকারি, কাচের টুকরা ও পোড়া ছাই। ঘরের বিভিন্ন স্থানে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে ছিল। কয়েকজন নারী ভবনের ভেতর থেকে অক্ষত জিনিসপত্র বের করছিলেন।
তাঁদের একজন আনিসা বলেন, তাঁর চাচা এস এম জিলানীর বাসায় ঘটনার সময় তালা দেওয়া ছিল। হামলাকারীরা প্রথমে এসে পাঁচ থেকে ১০ মিনিট ধরে তালা ভাঙেন। এরপর তাঁরা দোতলায় ওঠেন। চাচাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আয়োজন চলছিল। এ সময় হামলাকারীরা স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাসের চুলা, গ্যাসের সিলিন্ডার, ওভেনসহ ঘরের বিভিন্ন মালামাল নিয়ে যান। পরে পেট্রল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেন।
আনিসার দাবি, ঘটনার সময় তাঁদের বাড়িতে পুলিশ দায়িত্ব পালন করছিল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা বাড়িতে আসার পর পুলিশ সদস্যরা ভয়ে তাঁদের বলেন, আপনারা আমাদের জানে মারবেন না, আমরা কিছুই আপনাদের বলব না। পরে পুলিশ সেখান থেকে সরে যায় বলে তাঁর ভাষ্য।
এস এম জিলানীর ভাই হায়দার আলী বলেন, মঙ্গলবার রাত আনুমানিক আটটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার থেকে পাঁচ শ নেতা-কর্মী তাঁদের বাড়িতে আসেন। প্রথমে তাঁরা বাড়ির প্যান্ডেল ভাঙচুর করেন। এরপর বাড়ির প্রতিটি ঘরে লুটপাট চালান। ঘরের মালামাল নিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। হায়দার আলী অভিযোগ করেন, তাঁর ছোট বোনের ১০ ভরি স্বর্ণালংকার এবং বড় বোন সেতারা ও ভাগনির আট ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। পরে বাড়িতে ভাঙচুর চালিয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









