সরকারের সমালোচনা কিংবা ভিন্নমত প্রকাশের পর মামলা, গ্রেপ্তার, এমনকি শারীরিক নির্যাতনের মুখেও পড়তে হচ্ছে নাগরিকদের। সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যের জেরেও কাউকে আটক করা হচ্ছে, কারও বিরুদ্ধে করা হচ্ছে সাইবার আইনে মামলা। মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রতিবেদনটি তুলে ধরে এইচআরএসএস।
এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১০ মাসে দেশের ৩৮ জেলায় মতপ্রকাশকে কেন্দ্র করে ৮৬টি ঘটনায় নিপীড়নের শিকার হয়েছেন ১১১ জন। তাদের মধ্যে ৬৬ জনকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে। ভুক্তভোগীদের তালিকায় রয়েছেন ২৫ সাংবাদিক ও ৩ শিক্ষার্থী। এ সময়ে মারধরের শিকার হয়েছেন ৪ জন, পিটুনিতে প্রাণ গেছে ২ জনের।
এতে বলা হয়, সরকারের সমালোচনা, প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্য, বিএনপির নেতা এবং রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ৬২ জন নিপীড়নের শিকার হয়েছেন। প্রধানমন্ত্রীর সমালোচনার জেরে ২২ জন হয়রানির মুখে পড়েছেন; তাদের মধ্যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্মীয় বিষয় বা ব্যক্তিকে নিয়ে বক্তব্যের কারণে নিপীড়নের শিকার হয়েছেন ২৩ জন। জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে সমালোচনার জেরে ১০ জন, সংবাদ প্রকাশের কারণে ৭ জন এবং বিএনপির এক নেতার করা মানহানির অভিযোগে সাতজন হয়রানির শিকার হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ১১ নারী ভুক্তভোগীর মধ্যে সাতজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সমালোচনার অভিযোগে স্টেট ডায়ালগ ফোরামের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে তাদের কাউকে গ্রেপ্তার করা হয় নি। ভুক্তভোগীদের বয়সের তথ্য পাওয়া গেছে ৭১ জনের। তাদের মধ্যে ৫০ জনের বয়স ৩৫ বছর বা তার কম। ২৪ জনের বয়স ২৫ বছর বা তার নিচে।
অর্থাৎ, তরুণদের একটি উল্লেখযোগ্য অংশও মতপ্রকাশের কারণে হয়রানির শিকার হয়েছেন। পেশাগত পরিচয় পাওয়া ৮৪ জন ভুক্তভোগীর মধ্যে ২৫ জন সাংবাদিক। তাদের ২৩ জনের বিরুদ্ধে মামলা এবং ২ জনের বিরুদ্ধে জিডি করা হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর মধ্যে ১৭টি সাইবার আইনে এবং পাঁচটি দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অভিযোগে। এ ছাড়া ৪ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার কারণে ১৮ বছরের কম বয়সী ৩ শিক্ষার্থীকেও মামলার আসামি করা হয়েছে।
তাদের মধ্যে ২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মত প্রকাশের জেরে শুধু মামলা বা আটকই নয়, চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও বাদ পড়ার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে ৮ জনকে চাকরি বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার কিংবা অব্যাহতি দেওয়ার তথ্য তুলে ধরা হয়েছে। এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, ১০ মাসে মতপ্রকাশের ঘটনায় ৬৬টি আইনি পদক্ষেপের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৩৬টি সাইবার নিরাপত্তা আইন, অধ্যাদেশ বা অন্যান্য সাইবার আইনে; ১৩টি দণ্ডবিধি ও মানহানির অভিযোগে এবং ১০টি সন্ত্রাসবিরোধী আইনে নেওয়া হয়েছে।
এ ছাড়া ১১টি জিডির তথ্য রয়েছে। জেলা অনুযায়ী সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ভোলায় ১৫টি। ঢাকায় ১৪টি, চট্টগ্রাম ও রাজশাহীতে আটটি করে এবং বগুড়ায় ৬ টি ঘটনা ঘটেছে। এই পাঁচ জেলাতেই মোট ৫১টি ঘটনা, যা সারা দেশের মোট ঘটনার প্রায় ৪৬%। মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে ২২টি। এপ্রিলে ১৮টি, জুনে ১৩টি এবং অক্টোবরে ১২টি ঘটনা ঘটেছে। সবচেয়ে কম ঘটনা ঘটেছে ফেব্রুয়ারিতে, ২টি। মামলা ও জিডির অভিযোগকারীর পরিচয় পাওয়া গেছে ৬০টি ঘটনায়।
এর মধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ২৩টি, পুলিশের পক্ষ থেকে ১৫টি এবং স্টেট ডায়ালগ ফোরামের পক্ষ থেকে ৮ টি অভিযোগ করা হয়েছে। ধর্মীয় সংগঠন বা ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ এসেছে ৩টি ঘটনায়। বাকি ১১টি ঘটনায় অভিযোগকারীর পরিচয় প্রতিবেদনে নির্দিষ্ট করা হয় নি। বিএনপির রাজনৈতিক কর্মসূচি রাজনৈতিক পরিচয় পাওয়া ২০ ভুক্তভোগীর মধ্যে জামায়াতের ৫জন, বিএনপি ও ছাত্রদলের ৪ জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চারজন, আওয়ামী লীগের ৩ জন, ছাত্রলীগের ৩ জন এবং জাতীয় গণতান্ত্রিক দলের (এনডিবি) ১ জন রয়েছেন।
মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী খসড়ার কয়েকটি বিধান নিয়েও আপত্তি জানিয়েছে এইচআরএসএস। সংস্থাটির মতে, খসড়ার ৮(২) ধারায় আদালতের অনুমতি ছাড়াই নির্বাহী কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইন কনটেন্ট বন্ধ করার সুযোগ রাখা হয়েছে। ২৫এ ধারায় মানহানিকে অপরাধ হিসেবে বহাল রাখা হয়েছে। আর ৩৩-৩৫ ধারায় পরোয়ানা ছাড়াই ডিজিটাল যন্ত্র জব্দের সুযোগ রয়েছে।
আলোচনায় বক্তারা বলেন, বক্তব্য বা মতপ্রকাশের কারণে কাউকে কারাগারে পাঠানোর সুযোগ থাকা উচিত নয়। এ ধরনের অপরাধের জন্য কারাদণ্ডের পরিবর্তে জরিমানা বা ক্ষতিপূরণের ব্যবস্থা করা যেতে পারে। গোলটেবিল আলোচনায় ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বলেন, বক্তব্যের কারণে কাউকে কারাগারে পাঠানো উচিত নয়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে আর্থিক জরিমানা বা ক্ষতিপূরণের ব্যবস্থা করা যেতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিকল্পিত মিথ্যা তথ্য ছড়ানো, জনতাকে উসকে দেওয়া এবং কারও চরিত্র হননের মতো কর্মকাণ্ড ঠেকাতে কার্যকর সুরক্ষাও প্রয়োজন। মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, সাইবার আইন অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন দল বা প্রভাবশালী ব্যক্তিদের স্বার্থ রক্ষায় ব্যবহৃত হচ্ছে।
তাদের অনুসারীরা ভিন্নমত প্রকাশকারীদের বিরুদ্ধে মামলা করছেন। অথচ সাধারণ নাগরিক, অধিকারকর্মী ও রাজনৈতিক কর্মীদের মতপ্রকাশের অধিকারও সমানভাবে সুরক্ষিত থাকা দরকার। রাজনৈতিক বিশ্লেষণ পরিষেবা অর্থনীতিবিদ ড. শিব্বির আহমেদ বলেন, মানহানিকে অপরাধ হিসেবে দেখার বিধান আইন থেকে বাদ দেওয়া উচিত। শারীরিক সহিংসতা না থাকলে বক্তব্যের কারণে কারাদণ্ডের সুযোগ থাকা ঠিক নয়। কারও বাসায় তল্লাশি বা ডিজিটাল যন্ত্র জব্দের আগে আদালতের অনুমতি নেওয়ার ব্যবস্থাও থাকা প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









