তৈরি পোশাকশিল্পের মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত তৃতীয় বৈঠক স্থগিতের জেরে ফুঁসে উঠেছেন পোশাকশ্রমিকরা। ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ফের আন্দোলন-বিক্ষোভে উত্তাল বিভিন্ন শিল্পাঞ্চল। টানা কয়েক দিনের উত্তেজনার পর গতকাল বুধবারও নতুন করে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শ্রমিক ও মালিকপক্ষ।
গাজীপুরে গতকাল সকালে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ফের পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহানগরীর মালেকের বাড়ি এলাকায় সংঘর্ষ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা।
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়া ছাড়াও সেখানে কারখানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায়ও শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে নারীশ্রমিকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগ ঘিরে কাফরুল এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এসব এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের হটিয়ে দেয়। সেখানেও আহত হন বেশ কয়েকজন। মিরপুরে ‘ব্যক্তিগত দ্বন্দ্বের’ জেরে একটি পোশাক কারখানার একজন নারী শ্রমিককে কুপিয়ে আহত করার তথ্য দিয়েছে পুলিশ। সাভার ও আশুলিয়ায় ১১২টি পোশাক কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়। এছাড়া গাজীপুরের ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আর নতুন করে ৪০টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে কয়েক সপ্তাহ ধরে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ চলছিল। এর সঙ্গে আগের কয়েকদিনের আন্দোলনের প্রেক্ষাপটে অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তির আরো তিনটি দাবি যুক্ত হয়েছে। আন্দোলনের মুখে ১ নভেম্বর তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের দ্বিতীয় বৈঠকে গত ৯ নভেম্বর ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ।
অন্যদিকে মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। তারা সময় চেয়েছিল এক সপ্তাহ। সে সময় নিম্নতম মজুরি মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছিলেন, ‘মালিকপক্ষকে চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর মধ্যে প্রস্তাব দিতে ব্যর্থ হলে মজুরি বোর্ড নিজেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’ এ লক্ষ্যে গতকাল সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বৈঠক শুরুর মাত্র দেড় ঘণ্টা আগে হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলার শিল্পাঞ্চলগুলো। তবে আগামী সোমবার স্থগিত বৈঠকটি আহ্বান করে মজুরি বোর্ড এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ আলাদা আলাদা ভাবে জানিয়েছে, পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারিত ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে।
গাজীপুরে ফের সংঘর্ষ
গতকাল সকাল থেকেই গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি, বোর্ডবাজার, ছয়দানা ও হারিকেন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে আটটার দিকে ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মালেকের বাড়ি এলাকায় সংঘর্ষ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অবস্থানের কারণে আশপাশের এলাকাতেও যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পুলিশের ওই পাজেরো গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।
শিল্প পুলিশ জানায়, নতুন করে শ্রমিক বিক্ষোভ শুরু হলে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। তবে শ্রমিকেরা অবস্থান অব্যাহত রাখলে সকাল সোয়া নয়টার দিকে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর শ্রমিকেরা আবার হারিকেন এলাকায় অবস্থান নেন। অন্যদিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরাও বিক্ষোভ করেন। তবে তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
এসব ঘটনার পর গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিক অসন্তোষে পরিস্থিতির অবনতি ও সম্ভাব্য ভাঙচুর এড়াতে বিভিন্ন এলাকার ৪০টি পোশাক কারখানায় গতকালের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত ৩৯টি কারখানাও এখনো খোলেনি। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, মহানগরীর মালেকের বাড়ি ও ভোগড়া এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
সাভার-আশুলিয়ায় বেশ কয়েকজন আহত
কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও স্বাভাবিক হয়নি সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ। গতকাল সকালে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেওয়ার পর পরই কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ দেখিয়েছেন পোশাক শ্রমিকরা। এতে হেমায়েতপুর, উলাইল, জামগড়া, নরসিংহপুর, বেরন ও জিরাবোসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসব ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।
উত্তেজনা ছড়িয়ে পড়লে আশুলিয়া ও সাভারের হেমায়েতপুর এলাকার ১১২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর শ্রম আইনের ১৩(১) ধারা অনুসারে ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া নোটিশের মাধ্যমে আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আরও ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। সব মিলিয়ে শিল্পাঞ্চলে বন্ধ ও ছুটির আওতায় থাকা কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ১১২টিতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত সকালে আশুলিয়ার বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, কাঠগড়া ও সাভারের হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকার অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন এবং কার্ড পাঞ্চ করে নিজেদের হাজিরা দেন। তবে সকাল নয়টার পর পরই বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে আসেন। এর মধ্যে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার কারখানাগুলো থেকে শ্রমিকরা বের হয়ে হেমায়েতপুর-সিংগাইর সড়কে মিছিল নিয়ে আশেপাশের কারখানাগুলোর মূল ফটকে অবস্থান নেন।
তাঁরা ভেতরে থাকা শ্রমিকদের বাইরে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর ও বেরন এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে আসেন। এসব এলাকার কয়েকটি স্থানে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে শ্রমিকরা হা-মীম ও শারমিন গ্রুপের কারখানার সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বিকেলে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকরা। পরে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। অন্যদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় এমকে অ্যাপারেলস কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানাটির প্রধান ফটক, অভ্যর্থনাকক্ষের কাচ ও একটি গাড়ির সামনের কাচ ভাঙচুর করেন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। এ ছাড়া জিরাবো এলাকাতেও শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
এ পরিস্থিতিতে অধিকাংশ কারখানার মালিকপক্ষ একদিনের সাধারণ ছুটি দিলে শ্রমিকরা চলে যান বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু। তিনি বলেন, সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে যোগদান করেন। পরে কিছু কারখানার শ্রমিকরা বাইরে বেরিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বেরন এলাকার অধিকাংশ পোশাক কারখানায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতও যোগ দিয়েছেন। পাশাপাশি মজুরি বোর্ডের সিদ্ধান্ত কবে আসবে, তা নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অধিকাংশ কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। যেসব শ্রমিক জনশৃঙ্খলা বিঘ্নের কোনো কর্মকাণ্ডে যুক্ত না থেকে শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করছি। তবে শ্রমিকের ছদ্মবেশে কেউ অরাজকতা, অস্থিতিশীল পরিস্থিতি কিংবা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের জেরে এ পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারা অনুসারে ১৪টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়া নোটিশের মাধ্যমে আটটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আরও ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্প পুলিশ, ঢাকা জেলা পুলিশ, এপিবিএন (এসআরবি) ও বিজিবি সদস্যরা।
তিন শ্রমিক নেতা গ্রেফতার
শ্রমিক অসন্তোষে উসকানি দেওয়ার অভিযোগে সাভার-আশুলিয়ার তিনজন শ্রমিকনেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা হলেন, গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াস (৫১) এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন মোটরচালক শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির। এর মধ্যে গতকাল সকালে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে হুমায়ুন কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর পল্লবীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেনের বাসা থেকে সুলতানা ও ইলিয়াসকে গ্রেফতার করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়েছে।
মিরপুরে নারীশ্রমিক লাঞ্ছনা, কুপিয়ে আহত
নারীশ্রমিকদের ‘লাঞ্ছিত’ করার অভিযোগ ঘিরে রাজধানীর কাফরুল থানার মিরপুর-১৩ নম্বর এলাকায় লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ বলেছে, কারখানা দুটিতে প্রায় পাঁচ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদের বের করে নিয়ে আসেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর-১৩ নম্বরে হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা চালালে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বাধা দেন।
এ সময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করা হয়। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নারীশ্রমিকদের লাঞ্ছিত করারও অভিযোগ ওঠে। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে প্রিন্স বাজারের বিপরীত পাশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম। তিনি বলেন, কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। শ্রমিকেরা কাজ না করে বাসায় চলে গেছেন। ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মিরপুর-১২ নম্বর এলাকায়ও পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। শ্রমিকদের এই অসন্তোষের মধ্যেই মিরপুরের রূপনগরে ‘ব্যক্তিগত দ্বন্দ্বের’ জেরে একটি পোশাক কারখানার নারীশ্রমিক নূপুরকে কুপিয়ে আহত করা হয়েছে। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর সহকর্মী রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল দুপুর দুইটার পর রূপনগরের রাইজিং গ্রুপের একটি কারখানায় কর্মরত নূপুরের ওপর হামলা হয়। ঘটনার পর পরই নূপুরের সঙ্গে একই কারখানায় কর্মরত হামলাকারী রায়হানকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বেলা ১২টা ৫৬ মিনিটের দিকে একটি গলির ভেতর রাস্তার পাশে শিশুরা বসে খেলছিল এবং স্বাভাবিকভাবে পথচারী ও ভ্যানগাড়ি চলাচল করছিল। হঠাৎ করেই এক যুবক হাতে ধারালো অস্ত্র (দা বা চাপাতি) নিয়ে অতর্কিতভাবে একজন নারীর ওপর চড়াও হন। ওই নারী মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী তাকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। এ সময় আশেপাশের লোকজনকে দ্রুত দূরে সরে যেতে দেখা যায়।
পরে ওই যুবক অস্ত্র হাতে ঘটনাস্থল ত্যাগ করেন। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই প্রেমঘটিত বিষয় নিয়ে বিচ্ছেদ বা কোনো সমস্যা থেকে রায়হান নুপুরের ওপর হামলা চালান। প্রাথমিকভাবে আমরা মনে করছি, এটি প্রেম-ভালোবাসার ঘটনা, এটা নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









