জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হল সংলগ্ন গেরুয়ার ঢালে রূপচাঁদা মাছের নামে নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে হল প্রশাসন ও হল সংসদ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় পরিচালিত এ অভিযানে একটি খাবারের দোকান থেকে পিরানহা মাছ জব্দ এবং দোকানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ‘লামিসার হোটেল’-এ রান্নার জন্য প্রস্তুত অবস্থায় নিষিদ্ধ পিরানহা মাছ উদ্ধার করা হয়। পরে হোটেল কর্তৃপক্ষ মাছটি পিরানহা বলে স্বীকার করলে তা জব্দ করে হল প্রশাসনের হেফাজতে নেওয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে গণিত বিভাগের ৪৮তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী বাবর জানান, গেরুয়ার ঢালের কয়েকটি দোকানে রূপচাঁদা মাছের নামে নিষিদ্ধ পিরানহা বিক্রি হচ্ছিল। এ নিয়ে দোকানিদের সঙ্গে তর্কাতর্কিও হয়। তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা রোধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নিয়মিত তদারকির দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শহীদ রফিক-জব্বার হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) শরীফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাধিক দোকানে তল্লাশি চালিয়ে লামিসার হোটেলে রান্নার জন্য প্রস্তুত পিরানহা মাছ পাওয়া যায়। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত হোটেলটি বন্ধ থাকবে। পাশাপাশি অন্যান্য দোকানকেও এসব মাছ বিক্রি না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”
বিষয়টি নিয়ে শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ ড. আবদুছ ছাত্তার বলেন, “দোকানগুলোকে বারবার অনৈতিক কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া সত্ত্বেও এ ঘটনা ঘটেছে। অভিযোগের ভিত্তিতে আমরা মাছ জব্দ করেছি। পুরো বিষয়টি তদন্ত করে পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট দোকানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে হল প্রশাসন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









