দেশে সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত সম্প্রসারণ নিশ্চিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’র খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এর আগে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফার অধীনে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল।
সংবিধানের বিধান অনুযায়ী, অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম বৈঠকেই তা উত্থাপন করতে হয়। এ কারণে অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’র খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। মন্ত্রিসভা খসড়াটির নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
লেজিসলেটিভ বিভাগের ভেটিং বা যাচাই-বাছাই শেষে বিলটি জাতীয় সংসদে পাসের জন্য পাঠানো হবে বলেও জানান নাসিমুল গনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









