বর্ণিল আলোকসজ্জা, শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহাসিক হীরক জয়ন্তী উৎসব। প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয়েছিল নান্দনিক আলোয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখরিত পুরো ক্যাম্পাসে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছিল, যা দেখে অনেকের মুখেই উচ্চারিত হচ্ছিল— ‘আজ যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিয়ে!’
বুধবার দিনব্যাপী এই উৎসবের মূল আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস (নগর বাউল)-এর জমজমাট কনসার্ট। তবে জেমসের মঞ্চে ওঠার আগের সময়টা দারুণভাবে মাতিয়ে রাখে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, সংগীত ও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। নাট্যকলা বিভাগের পরিবেশিত সুফি নাচ এবং সংগীত বিভাগের নান্দনিক গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে চারুকলা বিভাগের বিশেষ পরিবেশনা। র্যাম্প ওয়াক, নাচ ও অভিনয়ের মাধ্যমে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা গত ৬০ বছরের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংস্কৃতি জীবন্ত করে তোলেন। কোন দশকে বিশ্ববিদ্যালয়ের ট্রেন্ড কেমন ছিল, তখনকার জনপ্রিয় পোশাক-আশাক এবং মানুষের মুখে মুখে ফেরা গানগুলো দশকভিত্তিক নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় এই পরিবেশনায়। সুদূর অতীত থেকে বর্তমানের এই দীর্ঘ রূপায়ন দেখে ওই দশকগুলোতে পড়াশোনা করা প্রাক্তনীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
সন্ধ্যার প্রাক্কালে রকস্টার জেমস মঞ্চে উঠলে তার বিখ্যাত গানগুলোতে প্রকম্পিত হয়ে ওঠে কেন্দ্রীয় খেলার মাঠ। জেমসের জাদুকরি গানে মেতে ওঠেন হাজারো বর্তমান ও সাবেক শিক্ষার্থী।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত হীরক জয়ন্তী পেয়েছো এবং শিল্পীরাও তোমাদের মন জয় করতে পেরেছেন। এখন আগামীকাল থেকে সবাই আবার নিয়মিত ক্লাসে ফিরে চলো।’’
দিনব্যাপী এই ঐতিহাসিক উৎসবের মাধ্যমে ৬০ বছরের সোনালী স্মৃতির মেলবন্ধন ঘটিয়ে সফলভাবে শেষ হয় চবির হীরক জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









