দুর্নীতির বিরুদ্ধে কেবল শাস্তিমূলক ব্যবস্থা নয়, প্রতিরোধমূলক উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মোহাম্মদ খালেদ রহীম। তিনি বলেন, ‘‘দুর্নীতি সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা কার্যকর করা গেলে দুর্নীতির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।’’
বুধবার (১ জুলাই) দুপুরে বরিশাল সার্কিট হাউসে অনুষ্ঠিত ‘দুর্নীতি প্রতিরোধে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক সচিব বলেন, ‘‘দুর্নীতির বিরুদ্ধে সরকার সুস্পষ্টভাবে অঙ্গীকারবদ্ধ। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার এবং দুর্নীতি দমন কমিশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। তবে এই লড়াই শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একার নয়; সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্পৃক্ত করতে পারলেই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হবে।’’
তিনি বলেন, ‘‘শুধুমাত্র আইন প্রয়োগ কিংবা অপরাধীদের শাস্তির আওতায় আনলেই দুর্নীতি নির্মূল হবে না। এর পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের চর্চা, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি প্রতিষ্ঠানে জবাবদিহিতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা যত বাড়বে, দুর্নীতির সুযোগ ততই সংকুচিত হবে।’’
মোহাম্মদ খালেদ রহীম আরও বলেন, ‘‘দুর্নীতিবিরোধী সংস্কৃতি গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং তরুণদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধের চর্চা জোরদার করা গেলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।’’
তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধই হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার। রাষ্ট্র ও সমাজ একসঙ্গে কাজ করলেই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’’
সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমন। এতে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি, সেবাখাতে স্বচ্ছতা নিশ্চিতকরণ, জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









