সুনামগঞ্জ সদর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি, থান কাপড়, লেহেঙ্গা এবং চোরাচালানে ব্যবহৃত ২টি বাল্কহেড নৌকা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে, বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামের দুইটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে রাতেই জব্দকৃত মালামালসহ আসামিদের সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম)-এর নেতৃত্বে এসআই রিফাতসহ পুলিশের একটি চৌকস দল সুরমা ইউনিয়নের বালিকান্দি গ্রামে অভিযান চালায়। অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৬১৮ পিস অবৈধ কাতান শাড়ি, থান কাপড় ১০টি ও ২টি ভারতীয় লেহেঙ্গা উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি বড় সাইজের বাল্কহেড স্টিলবডি নৌকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত চোরাকারবারিরা হলেন, বালিকান্দি গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৫০), একই গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আব্দুল মান্নান এবং আব্দুল মান্নানের ছেলে মামুন মিয়া (২৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মালামাল উদ্ধারের ঘটনায় এসআই রিফাত বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। জব্দকৃত মালামাল আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









