পটুয়াখালীর বাউফলে নিখোঁজের সাত দিন পর রুহুল আমিন সিকদার (৬৫) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরবতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহের মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাউফল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহিদা বেগম (৫৫) ও আবুল বাশার (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামে। অপর অভিযুক্ত সোহেল (৩৫) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত রুহুল আমিন সিকদারের বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামে। তিনি স্ত্রী শাহিনা বেগম ও ছেলে ইমরান হোসেনের সঙ্গে ঢাকায় বসবাস করতেন। মামলাসংক্রান্ত কাজে গত ৪ নভেম্বর ঢাকা থেকে পটুয়াখালী আসেন তিনি। ৬ নভেম্বর বিকেল পর্যন্ত বড় বোন ফজিলাতুন্নেছার বাড়িতে অবস্থান করেন। ওই দিন সন্ধ্যায় নুরাইনপুর বাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
এরপর গত বৃহস্পতিবার সকালে কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের সড়কের পাশে একটি বিচ্ছিন্ন হাত দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। পরদিন শুক্রবার একই এলাকা থেকে আরও একটি হাত ও দুটি পা উদ্ধার করা হয়। পরে মরদেহের বাকি অংশের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ।
তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে সাহিদা বেগম ও আবুল বাশারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে মরদেহের অন্যান্য খণ্ডিত অংশ এবং বিকেল সাড়ে ৩টার দিকে মাথা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে এএসপি সব্যসাচী জানিয়েছেন, গত ৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাহিদা বেগম শরবতের সঙ্গে ১১টি ঘুমের ওষুধ মিশিয়ে রুহুল আমিনকে পান করান। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়লে আবুল বাশার তার মুখে বালিশ চেপে ধরেন। এ সময় সোহেল গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন বলে পুলিশের দাবি।
পরে সাহিদা বেগমের বসতঘর থেকে প্রায় ১০০ গজ দূরে একটি কলাবাগানে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষ ধরনের চাকু দিয়ে প্রথমে মাথা এবং পর্যায়ক্রমে দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন করা হয়। পরে খণ্ডিত অংশগুলো ডোবা ও আশপাশের ঝোপঝাড়ে ফেলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছেন, সাহিদা বেগম একজন বিধবা নারী। তার দুই ছেলে ইতালিতে থাকেন। এক মেয়ের স্বামীও ইতালিতে থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। নিহত রুহুল আমিন তার আত্মীয় ছিলেন। সাহিদার সঙ্গে রুহুল আমিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গেছে। ঘটনার রাতে নুরাইনপুর বাজার থেকে সাহিদার বাড়িতে গিয়েছিলেন তিনি।
হত্যার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এএসপি সব্যসাচী বলেছেন, অর্থনৈতিক ও অন্যান্য কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে অন্যান্য কারণ সম্পর্কে বিস্তারিত তদন্তের পর জানা যাবে।
এ ঘটনায় নিহতের ছেলে অ্যাডভোকেট ইমরান হোসেন শুক্রবার রাতে বাউফল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় সাহিদা বেগম ও আবুল বাশারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই খোরশেদ আলম উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








