বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রথমবারের মতো বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষার আয়োজন করে হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয়ের সামনে থেকে ‘ডায়াবেটিসে দ্রুত পদক্ষেপ’ স্লোগানে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ অডিটোরিয়াম গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের কনসালটেন্ট ডা. মরিয়ম জামান বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সময়মতো রোগ শনাক্ত করা জরুরি। এ জন্য প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি নিয়মিত পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক ব্যায়াম ও সুশৃঙ্খল জীবনযাপন প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি এ রোগ নিয়ে প্রচলিত কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করতে হবে।
সভাপতির বক্তব্যে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ কে এম নজমুল আহসান বলেন, ডা. মরিয়ম জামান এ বিভাগে যোগ দেওয়ার পর অনেক ডায়াবেটিস রোগী বিশেষায়িত চিকিৎসাসেবা পাচ্ছেন। তাঁর উদ্যোগেই হাসপাতালে প্রথমবারের মতো বিশ্ব ডায়াবেটিস দিবস পালনের আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাহমুদ হাসান এবং অর্থোপেডিক্স বিভাগের রেসিডেন্ট সার্জন ও কনসালটেন্ট ডা. মো. মাজহারুল রেজওয়ান (রেজা) প্রমুখ।
দিবসটি উপলক্ষে হাসপাতালের এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম বিভাগের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা-নিরীক্ষা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








