নাটোরের নলডাঙ্গায় জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাসাধারণের সঙ্গে প্রতারণার অপরাধে রবিউল ইসলাম (৩৬) নামের এক ফ্যাক্টরি মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নলডাঙ্গা এলাকার একটি খাদ্য প্রস্তুতকারী ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ওই ফ্যাক্টরিতে দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। পাশাপাশি মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাসাধারণের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন সত্যতা পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরে অপরাধ স্বীকার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৪ ধারায় রবিউল ইসলামকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম নলডাঙ্গা এলাকার মৃত ইসলাম হোসেনের ছেলে।
জনস্বার্থে পরিচালিত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযান পরিচালনাকালে নলডাঙ্গা থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও আইনগত সহযোগিতা প্রদান করে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বাস্থ্য রক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









