নোয়াখালীর হাতিয়ায় হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ সময় পুলিশের হাতকড়াও নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছিনিয়ে নেওয়া আসামির নাম নিজাম উদ্দিন (৫৫)। তিনি সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত সাঈদুল হকের ছেলে এবং ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। ২০২৫ সালে হাতিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাতিয়া থানার এসআই বারীর নেতৃত্বে পুলিশের একটি দল রামচরণ বাজারে অভিযান চালিয়ে এনসিপি কার্যালয়ের সামনে থেকে নিজাম উদ্দিনকে আটক করে। তাকে নিয়ে যাওয়ার সময় স্বজনরা পুলিশের পথরোধ করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এ সুযোগে তারা নিজাম উদ্দিনকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
খবর পেয়ে হাতিয়া থানা পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে। পরে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হলেও রাত পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, ঘটনার কিছু সময় পর নিজাম উদ্দিনের স্বজনরা পুলিশের হাতকড়াটিও ফিরিয়ে দেন। তবে এ বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী জানান, এ ঘটনার পর বাজারে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ বাজারের লোকজনকে সেখান থেকে চলে যেতে বললে এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রের দাবি, নিজাম উদ্দিন আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় বলে পরিচিত।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর তার স্বজন ও উৎসুক লোকজন পুলিশকে ঘিরে ফেলেন। এ সুযোগে তিনি পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাধা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









