জয়পুরহাট ও দিনাজপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এক মাসে ৮ কোটি ৮৮ লাখ ২ হাজার ১৩ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মাদকদ্রব্য, বিদেশি কয়েন ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২ হাজার ৪৪২টি বিদেশি কয়েন, ৪৫৬ পিস ইয়াবা, ৮ হাজার ৫৫১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৬২টি অ্যাম্পল ইনজেকশন, ৩১২ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ১৭৩ বোতল বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের সিরাপ। এ ছাড়া ৩৮৯ কেজি ৮০০ গ্রাম ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত ছয়টি পাথরের বস্তু জব্দ করা হয়েছে।
জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতিতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









