সুনামগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও উপজেলা পর্যায়ে দলীয় ভিত্তি সম্প্রসারণের লক্ষ্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির নবগঠিত জেলা কমিটির অভিষেক ও উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের তেঘরিয়া হাছন রাজার বাড়িতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান সাইফুল শারফিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী আসগর ইমনের সঞ্চালনায় সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ তালহা আলম। ভার্চুয়ালি বক্তব্য দেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার জয়নাল আবেদীন, সিলেট মহানগর কমিটির সদস্য নাসির উদ্দিন খান ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, ৫ আগস্টের পর মানুষ নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন আশা করেছিল। কিন্তু বাস্তবে শুধু ক্ষমতার পরিবর্তন হয়েছে, ব্যবস্থার পরিবর্তন হয়নি। জুলাই বিপ্লবে আড়াই হাজার মানুষ আহত, ১ হাজার ৪০০ জন শহীদ এবং ৬০০ জন দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, এত ত্যাগের পরও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। এবি পার্টি ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির পরিবর্তে জনকল্যাণ ও সমস্যা সমাধানের রাজনীতি করতে চায়।
প্রধান বক্তা সৈয়দ তালহা আলম বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হলেও মানুষের আশা এখনো পূরণ হয়নি। দেশ পরিচালনায় যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তিনি দেশকে সঠিক পথে এগিয়ে নিতে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনের শেষ পর্যায়ে জেলা আহ্বায়ক শান্তিগঞ্জ, জগন্নাথপুর, জগন্নাথপুর পৌরসভা ও জামালগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করেন। এসব কমিটি গঠনের মধ্য দিয়ে জেলায় দলটির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









