নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাদের হাতে জ্বলন্ত মশাল ছিল। স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা ঘটনাস্থল থেকে চলে যান।
বুধবার (১৮ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের জামতলা আবাসিক এলাকায় শামীম ওসমানের ডুপ্লেক্স বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ১৫ থেকে ২০ জনের একটি মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শামীম ওসমানের বাড়ির সামনে যান। এ সময় তাদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। মিছিল থেকে ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘রশি লাগলে রশি নে, শেখ হাসিনার ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
একপর্যায়ে মিছিলের একজন বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
মিছিলটির নেতৃত্বে ছিলেন সরকারি কদম রসুল কলেজ ছাত্র সংসদের সাবেক সেক্রেটারি ও মহানগর ছাত্রদল নেতা আতিকুর রহমান রিফাত (শেখ রিফাত)। তিনি জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির ভাগ্নে।
মহল্লার নৈশপ্রহরী মো. হারুন অর রশিদ বলেন, ‘‘১৫ থেকে ২০ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে। মিছিল থেকে শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তাদের কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল ছিল। একজন বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন বাধা দেন। এরপর তারা দ্রুত চলে যান।’’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ‘‘এ বিষয়টি আমার জানা নেই। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









