রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের বড়াদম এলাকায় অভিযান চালিয়ে ৯২ দশমিক ৩৬ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১৫ হাজার ৬২০ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশক্রমে হাবিলদার মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বড়াদম এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ৯২ দশমিক ৩৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা চালাচ্ছে। এসব তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, চোরাচালান দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









