ময়মনসিংহের ভালুকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচির রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসটি পুড়ে যায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাসের মালিক শফিকুল ইসলাম জানান, বাসটি ঢাকা-শেরপুর রুটে চলাচল করত। তার বাড়ি স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় হওয়ায় প্রতিদিন রাতে বাসটি বাড়ির পাশে রাখা হতো। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
তিনি আরও জানান, কিছুদিন আগে এনজিও থেকে ঋণ নিয়ে ১৮ লাখ টাকায় পুরোনো বাসটি কিনেছিলেন। পরে নিজের সঞ্চিত অর্থ থেকে আরও প্রায় তিন লাখ টাকা ব্যয় করে বাসটির মেরামত ও সংস্কারকাজ করান। বাসটিই ছিল তার পরিবারের উপার্জনের অন্যতম অবলম্বন।
এদিকে বাসের এমন ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছেন মালিকের পরিবার। বাসমালিকের স্ত্রী আসমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘আমাদের সব শেষ হয়ে গেল। আমাদের আর কিছুই নেই। এখন আমরা কীভাবে চলব?’’
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৪টা ১৫ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে পৌছানোর আগেই গাড়ীর বেশীর ভাগ পুড়ে যায়।
তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









