কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপনে মজুত করা ৪০০-এর অধিক লগি-বৈঠা জব্দ করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধুলদিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
বুধবার দিবাগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল ও কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধুলদিয়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে সরে যান। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০-এর বেশি লগি-বৈঠা উদ্ধার করা হয়। এবং জসিম উদ্দিন নামে একজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে একটি চক্র এসব লগি-বৈঠা মজুত করছিল। তবে এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “দেশকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের অপচেষ্টা কঠোরহস্তে দমন করা হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় তৎপর রয়েছে। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









