পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খালেকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে শহরের ম্যাটারনিটি রোডে তাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
মজিবুর রহমান খালেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তার বড় ছেলে তানভীর মুজিব অভি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। খালেকের বড় ভাই এম কে এম এ আউয়াল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাড়িটিতে একাধিকবার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সম্প্রতি বাড়িটিতে মেরামতের কাজ শুরু করা হয়েছিল। বুধবার রাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি বাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, রাতে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









