কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে সদর থানার পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে ঠাকুরগাঁও সদর থানার ২৯ মাইল বাজারে পুলিশের সতর্ক অবস্থান চোখে পড়ার মতো।
২৯ মাইল বাজারে দায়িত্বে রয়েছেন ঠাকুরগাঁও সদর থানার এএসআই মাসুদ রানা ও এ এসআই হেলালসহ তাদের স্টাফবৃন্দ। সকাল থেকে তারা বাজারের প্রবেশপথ, বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা ও প্রধান সড়কে অবস্থান নিয়ে দায়িত্ব পালন করছেন। যানবাহন চলাচল স্বাভাবিক রাখা, দোকানপাট খোলা রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই টহল।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, পুলিশের উপস্থিতির কারণে বাজারে স্বাভাবিক বেচাকেনা চলছে। দূরপাল্লার যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করছে।
এ এসআই মাসুদ রানা বলেন, ২৯ মাইল বাজারসহ সদর থানা এলাকায় আমরা সতর্ক আছি। কেউ যাতে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে দোকানপাট বন্ধ করতে না পারে, সেদিকে আমরা নজর রাখছি।
এ এসআই হেলাল বলেন, মানুষ নির্ভয়ে বাজারে আসছে, যানবাহন চলছে। আমরা সারাদিন মাঠেই থাকবো। কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কোনো সন্দেহজনক তৎপরতা দেখলে সদর থানায় জানাতে বলা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









