চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সরিষা, মসুর ও খেসারী চাষে ৯ হাজার ৪২৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রণোদনা দেওয়া হচ্ছে। চলতি রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব সহায়তা বিতরণ করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা সভাকক্ষে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। অতিরিক্ত কৃষি অফিসার হাসান আতিকুর রহমানের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, মাধ্যমিক অফিসের একাডেমীক সুপারভাইজার আসমা খাতুন, জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনার আওতায় সরিষা চাষে ৯ হাজার ৩০০ জন, মসুর চাষে ৭৫ জন এবং খেসারী চাষে ৫০ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে রহনপুর পৌরসভায় রয়েছে ৯১০ জন কৃষক। এছাড়া ৮ টি ইউনিয়নের মধ্যে গোমস্তাপুর, রাধানগর ও বাঙ্গাবাড়ি এই তিনটি ইউনিয়নে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুর ইউনিয়নে ১ হাজার ৩১৫ জন, রহনপুর ইউনিয়নে ১ হাজার ১১৫ জন, বোয়ালিয়া ইউনিয়নে ৯৭০ জন, আলীনগর ইউনিয়নে ৮৬০ জন এবং চৌডালা ইউনিয়নে ৮৩৫ জন উপকারভোগী কৃষক রয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন খরচ কমাতে এ প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে। সময়মতো উন্নতমানের বীজ ও সার পেলে কৃষকরা সরিষা, মসুর ও খেসারীর আবাদ বাড়াতে পারবেন। এতে ফসলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে তিনি আশা করছেন।
উল্লখ্য, এই কৃষি প্রণোদনার আওতায় সরিষা চাষের জন্য প্রতি কৃষককে এক বিঘা জমিতে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন। এছাড়া মসুর চাষের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং খেসারী চাষে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









