কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় টঙ্গীর সায়েরা মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারের উপস্থিতিতে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, কারারুদ্ধ বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম রনি, টঙ্গী পূর্ব থানা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, গাছা থানা তাঁতী দলের সভাপতি ও মহানগর তাঁতী দলের সহ-সভাপতি ওসমান গনি, পুবাইল থানা তাঁতী দলের সভাপতি আব্দুল হাইসহ গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে হাসান উদ্দিন সরকার বলেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা থামানো যাবে না। পলাতক শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। তবে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দেবে।
রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড গাজীপুরের সাধারণ মানুষ রুখে দেবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড বন্ধ না হলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানান এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শাহীন মোল্লা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









