সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়। পরে বনানী গোলচত্বর হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে থেকে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, রাফি, জাকিরুল, রাজু, আবু হাসান, সবুজ, নাঈম, জোবায়ের সুলতান, পারভেজ ও সাগর; জেলা ছাত্রদলের ১ নম্বর সদস্য রাহি হাসান; শহর ছাত্রদলের ১২ নম্বর ওয়ার্ড সভাপতি ফারহান, সাংগঠনিক সম্পাদক তামিম এবং ২১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব ফারহানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন বিভাগের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









