গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে বিক্ষুব্ধ জনতা এ হামলা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেয়। একপর্যায়ে বাড়িটি লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শেষে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দেন তারা। আজ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য (এমপি) মো. সেলিমুজ্জামান মোল্যার পেতৃক বাড়িতে আগুন দেওয়া হয়।
এস এম জিলানী, ডা. কে এম বাবর ও সেলিমুজ্জামান মোল্যা বিএনপি মনোনীত সংসদ সদস্য।
এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও র্যাবের (এসআরবি) গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছে কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের একটি মিছিল থেকে ‘এফএনএফ’ নামে একটি সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









