টঙ্গীর বিশ্ব ইজতেমার আগে গাজীপুরের সালনা বাঁশবাড়ী এলাকায় সাদপন্থীদের জেলা ইজতেমা আয়োজন বন্ধের দাবি জানিয়েছেন জেলার শীর্ষ ওলামায়ে কেরাম ও তাবলিগের সাথীরা। এ দাবিতে আগামী ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে তারা বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইজতেমা বন্ধ করা না হলে শুক্রবার (২০ নভেম্বর) বাদ ফজর সালনা বাঁশবাড়ী অভিমুখে লংমার্চ করবেন তৌহিদি জনতা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের কাছে টঙ্গীর বিশ্ব ইজতেমার আগে গাজীপুর জেলায় সাদপন্থীদের ব্যানারে কোনো ইজতেমা আয়োজনের সুযোগ না দেওয়ার দাবি জানিয়ে লিখিত আবেদন করেছেন ওলামায়ে কেরাম ও শুরায়ী নিজামের সাথীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেফাক বোর্ড গাজীপুরের সদস্য সচিব ও জেলা পরিষদ জামে মসজিদের খতিব মো. হাবিবুর রহমান মিয়াজী। তিনি বলেন, দাওয়াত ও তাবলিগ বিশ্বব্যাপী ইসলাম প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই মেহনতের মাধ্যমে দেশ-বিদেশে অসংখ্য মানুষ ইসলামের পথে ফিরে এসেছেন। কিন্তু এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে তাবলিগের মধ্যে বিভক্তি ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে।
লিখিত বক্তব্যে ভারতের মাওলানা সাদের নেতৃত্বাধীন গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তারা অভিযোগ করেন, তাবলিগের মূল ধারার বিপরীতে অবস্থান নিয়ে তারা কোরআন-হাদিসের ব্যাখ্যা ও প্রচলিত নিয়মনীতি নিয়ে বিতর্ক সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাধারণ তাবলিগের সাথী, মাদ্রাসার শিক্ষার্থী ও ওলামায়ে কেরামের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন এবং বহু মানুষ আহত হন। আহতদের অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন বলেও দাবি করেন বক্তারা। এসব ঘটনায় একাধিক মামলা হলেও এখনো অভিযোগপত্র দাখিল এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়নি বলে অভিযোগ করেন তারা।
বক্তারা জানান, গত ১৬ অক্টোবর টঙ্গীর ইজতেমা ময়দানে শীর্ষ মুরুব্বি, ওলামায়ে কেরাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে প্রায় পাঁচ থেকে ছয় হাজার আলেমের অংশগ্রহণে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্ব ইজতেমার আগে সাদপন্থীদের কোনো ধরনের জমায়েতের সুযোগ না দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছিল।
কিন্তু সেই আহ্বান উপেক্ষা করে গাজীপুরের সালনা বাঁশবাড়ী এলাকায় সাদপন্থীদের জেলা ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। গত ১৮ নভেম্বর থেকে সেখানে তাদের কার্যক্রম শুরু হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে পুলিশ কমিশনার বরাবর দেওয়া লিখিত আবেদনপত্রে বলা হয়েছে, সরকারিভাবে সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা টঙ্গীর ইজতেমা ময়দানে শুরায়ী নিজামের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, বিশ্ব ইজতেমা-২০২৭ বাস্তবায়নের লক্ষ্যে গত ৩ নভেম্বর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন বিভাগের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ও সুন্দরভাবে বিশ্ব ইজতেমা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
তবে বিভিন্ন সূত্রে সাদপন্থীরা গাজীপুর জেলায় ইজতেমা আয়োজনের জন্য তৎপরতা চালাচ্ছে বলে আবেদনপত্রে আশঙ্কা প্রকাশ করা হয়। এতে বিশ্ব ইজতেমার ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
আবেদনপত্রে গাজীপুরের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও শুরায়ী নিজামের সাথীদের পক্ষ থেকে জানুয়ারি ২০২৭-এর আগে গাজীপুর জেলায় মাওলানা সাদপন্থীদের ব্যানারে কোনো ইজতেমা অনুষ্ঠিত হতে না দেওয়ার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
১২ ঘণ্টার আলটিমেটাম, লংমার্চের ঘোষণা
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আগামী ২০২৭ সালের ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গাজীপুরে জেলা ইজতেমার নামে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে বলে তারা মনে করেন।
এ কারণে সংবাদ সম্মেলন থেকে সালনা বাঁশবাড়ী এলাকায় সাদপন্থীদের ইজতেমা বন্ধের জোর দাবি জানানো হয়। আগামী ১২ ঘণ্টার মধ্যে ইজতেমা বন্ধ না হলে শুক্রবার বাদ ফজর নবীপ্রেমিক তৌহিদি জনতা সালনা বাঁশবাড়ী অভিমুখে লংমার্চ করবে বলে ঘোষণা দেওয়া হয়।
এ সময় বক্তব্যে আরও বলা হয়, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশৃঙ্খলা কিংবা সংঘাত-সংঘর্ষের সৃষ্টি হলে এর দায় ওলামায়ে কেরাম ও তাবলিগের সাথীরা নেবেন না। এ ধরনের পরিস্থিতির দায়দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোগরখাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লেহাজ উদ্দিন, মাওলানা ফজলুর রহমান, মাওলানা মুখলেছুর রহমান, জুলফিকার হায়দার, আবদুল্লাহ মাইমুল, তাওহীদ, মুফতি আবদুল্লাহ, ডা. ফয়সল, মাহমুদুল হাসান, আবদুল্লাহ মাইমুন, গাজী আবু বকরসহ গাজীপুরের বিভিন্ন এলাকার শীর্ষ আলেম ও তাবলিগের সাথীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









