গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। এছাড়াও গ্রামীণ ব্যাংকেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে থানায় প্রবেশ করে। এ সময় তারা থানার সামনে থাকা বেশ কয়েকটি গাড়ি ও থানা ভবনে ভাঙচুর চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউনকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ডে জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে মুকসুদপুর থানার সামনে এসে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে থানার ভিতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। একপর্যায়ে মুকসুদপুর থানার ভেতরে ও বাইরে থাকা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে থানার ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও থানার বাইরে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এছাড়াও গ্রামীণ ব্যাংকের মুকসুদপুর শাখায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অন্যদিকে মুকসুদপুর উপজেলা বিএনপি কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। এছাড়া জেলা শহরের চৌরঙ্গী এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও আগুন দেন নিষিদ্ধ ছাত্রলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









