দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন বলেছেন, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আর নমনীয়তা দেখানো হবে না। মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এসব কর্মকাণ্ড প্রতিহত করা হবে। প্রয়োজনে প্রতিঘাত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া, রামগোপালপুর ও শাহগঞ্জ বাজারে ‘আওয়ামী ফ্যাসিস্টদের নৈরাজ্যের প্রতিবাদে’ আয়োজিত পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুপুরে শাহগঞ্জ বাজারের অনির্ধারিত পথসভায় প্রতিমন্ত্রী বলেন, দুইদিন আগ পর্যন্ত আমরা নমনীয় ছিলাম, কিন্তু গতকাল থেকে আমরা আর একটুও নমনীয় নই। সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, নাশকতা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের বিরুদ্ধে বাসে-ট্রাকে অগ্নিসংযোগ ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে ইকবাল হোসেইন বলেন, সরকার ও দল হিসেবে আমরা এটি কোনোমতেই মেনে নেব না। আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব দরকার পড়লে প্রতিঘাত করব।
সরকারের আট মাসে দেশ ভালো চলছিল বলে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী গোপনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের সুযোগ দেওয়াকে দুর্বলতা ভাবলে তারা বড় ভুল করবে। আমরা রাজপথ ছাড়িনি, ছাড়বও না।
আইন নিজের হাতে তুলে না নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনারা চোখ-কান খোলা রাখবেন। কোথাও কোনো নাশকতার চেষ্টা দেখলে তাদের ধরে পুলিশের হাতে তুলে দেবেন। পুলিশ ও প্রশাসন একা নয়, তাদের পাশে আমরা শতভাগ আছি। অরাজকতা ঠেকাতে এলাকায় থেকে জনগণের পাশে থাকার কথাও জানান তিনি।
এর আগে রামগোপালপুরের অনির্ধারিত পথসভায় চোরাগোপ্তা হামলা ও থানায় আক্রমণের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, জানমালের ক্ষতি করবেন, চোরাগোপ্তা হামলা চালাবেন আর দৌড়ে এসে স্লোগান দিয়ে পালিয়ে যাবেন এটা মেনে নেওয়া হবে না। সাহস থাকলে সোজা রাস্তা দিয়ে মিছিল করেন।
বিদেশে অবস্থান করে কেউ কেউ দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগে উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বিভ্রান্ত হয়ে সহিংসতায় জড়ানো ব্যক্তিদের সন্ত্রাসের পথ ছেড়ে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
একই সভায় নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলের অনেকের আত্মীয়-স্বজন থাকতে পারে, তাদের দেখভাল করবেন। কিন্তু সে যদি সন্ত্রাসী বা অসামাজিক কাজে জড়িত হয় এবং তাকে আপনি আশ্রয় দেন, তবে কাউকে ছাড় দেওয়া হবে না। সবকিছুর খোঁজখবর রাখা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান তিনি।
দিনের শুরুতে কলতাপাড়ায় অনুষ্ঠিত পথসভায় ইকবাল হোসেইন বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। নিষিদ্ধ ঘোষিত দলের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও বাড়িঘরে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, এসবের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, আমরা দেশ গঠনের জন্য কাজ করছি, তাই বলে মনে করবেন না যে আমরা রাজপথ ছেড়ে দিয়েছি। দেশ আমাদের, দেশকে যেভাবে রক্ষা করতে হয় আমরা সেভাবেই রক্ষা করব।
পৃথক তিনটি পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। নিজের ঘরের মতো দেশকে আগলে রাখা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ‘করব কাজ, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন প্রতিমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









