বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বর্তমানে বহুমুখী ব্যয়চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি ব্যয়, কাঁচামালের মূল্যবৃদ্ধি, সরবরাহব্যবস্থার জটিলতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’-এর বাংলাদেশ বিষয়ক ফলাফল দেশের ব্যবসায়িক পরিস্থিতির এমনই একটি বাস্তব চিত্র তুলে ধরেছে।
জরিপ অনুসারে, দেশের ৫০ শতাংশ ব্যবসায়ী জ্বালানি ব্যয়কে ব্যবসার প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছেন। আর ৪৯ শতাংশ ব্যবসায়ীর উদ্বেগের কারণ কাঁচামালের মূল্যবৃদ্ধি। এ পরিসংখ্যান শুধু ব্যবসায়ীদের সমস্যার প্রতিফলন নয়, বরং দেশের সামগ্রিক উৎপাদন ও বিনিয়োগ পরিবেশের জন্যও একটি সতর্কবার্তা। জ্বালানি ব্যয় উৎপাদন খরচের অন্যতম প্রধান উপাদান। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরাসরি শিল্পকারখানার উৎপাদন ব্যয় বাড়িয়ে দেয়। এর প্রভাব পড়ে পণ্যের দাম, রপ্তানি সক্ষমতা এবং বাজারে প্রতিযোগিতার ওপর।
বিশেষ করে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা এ চাপ সামাল দিতে গিয়ে বেশি বিপাকে পড়েন। বড় প্রতিষ্ঠানের তুলনায় তাদের আর্থিক সক্ষমতা সীমিত। ফলে, উৎপাদন কমানো, কর্মী ছাঁটাই কিংবা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করার মতো সিদ্ধান্ত নিতে হয়। অন্যদিকে, কাঁচামালের মূল্যবৃদ্ধি উৎপাদন ব্যয়কে আরো বাড়িয়ে দিচ্ছে। জরিপে দেখা গেছে, ৭০ শতাংশ প্রতিষ্ঠান সামগ্রিক ব্যয় বৃদ্ধির মুখে রয়েছে এবং ৭৬ শতাংশ প্রতিষ্ঠান আগামী দুই বছরেও ব্যয় বাড়ার আশঙ্কা করছে।
এ পরিস্থিতিতে ৬৪ শতাংশ প্রতিষ্ঠানের চলতি মূলধনের চাহিদা বেড়েছে। অর্থাৎ ব্যবসা পরিচালনার জন্য উদ্যোক্তাদের বাড়তি অর্থের প্রয়োজন হচ্ছে। অথচ উচ্চ সুদহার, ঋণপ্রাপ্তির জটিলতা ও আর্থিক অনিশ্চয়তা তাদের জন্য নতুন বাধা তৈরি করছে। তাই উৎপাদনশীল খাতে সহজ শর্তে ঋণপ্রবাহ নিশ্চিত করা এখন সময়ের দাবি। তবে, এই জরিপে আশাবাদের দিকও রয়েছে। বাংলাদেশের ৯১ শতাংশ ব্যবসায়ী আগামী দুই বছরে আন্তর্জাতিক বাণিজ্যের প্রবৃদ্ধি নিয়ে আত্মবিশ্বাসী। পাশাপাশি ৫৫ শতাংশ প্রতিষ্ঠান উৎপাদন ও সরবরাহ কার্যক্রম দেশে ফিরিয়ে আনা বা পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে। চায়না প্লাস ওয়ান কৌশল গ্রহণ করেছে ৫৭ শতাংশ প্রতিষ্ঠান।
এটি বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করার সুযোগ তৈরি করতে পারে। এই সুযোগ কাজে লাগাতে হলে অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা, দক্ষ শ্রমশক্তি এবং ব্যবসাবান্ধব নীতির ওপর গুরুত্ব দিতে হবে।
প্রযুক্তির ব্যবহারও নতুন সম্ভাবনার দুয়ার খুলছে। জরিপে ৮৬ শতাংশ প্রতিষ্ঠান বাণিজ্যসংশ্লিষ্ট অন্তত একটি কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার শুরু করেছে। প্রযুক্তিতে বিনিয়োগ বাড়লে পণ্যের চাহিদা বাড়বে বলে মনে করছে ৮০ শতাংশ প্রতিষ্ঠান। এ প্রবণতাকে উৎসাহিত করতে হবে। বিশেষ করে, উৎপাদন ব্যবস্থাপনা, সরবরাহ শৃঙ্খল, বাজার বিশ্লেষণ ও আর্থিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। অন্যদিকে, শুল্ক ও বাণিজ্যিক অনিশ্চয়তার প্রভাবও উপেক্ষা করার সুযোগ নেই।
৩১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, এসব অনিশ্চয়তা তাদের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে ৩২ শতাংশ প্রতিষ্ঠানের রাজস্ব কমেছে। আগামী দুই বছরে আরো রাজস্ব কমার আশঙ্কা করছে ৩৭ শতাংশ প্রতিষ্ঠান। তাই রপ্তানি বাজার সম্প্রসারণ, নতুন বাণিজ্য অংশীদার খুঁজে বের করা এবং মুক্তবাণিজ্য চুক্তির সুবিধা কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ নিতে হবে। কারণ, ৯৬ শতাংশ প্রতিষ্ঠান এফটিএ ব্যবহার করলেও ৯৭ শতাংশ প্রতিষ্ঠান এর সুবিধা পুরোপুরি নিতে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা জানিয়েছে।
সামগ্রিকভাবে বলা যায়, বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আশাবাদ থাকলেও ব্যয় বৃদ্ধির বাস্তবতা সেই সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে পারে। শুধু উদ্যোক্তাদের দক্ষতা বা উদ্যোগ দিয়ে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। সরকারকে জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে, অযৌক্তিক ব্যয় ও ব্যবসায়িক প্রতিবন্ধকতা কমাতে হবে এবং নীতিগত ধারাবাহিকতা বজায় রাখতে হবে। একই সঙ্গে ব্যাংকঋণ সহজলভ্য করা, কাঁচামাল আমদানিতে জটিলতা কমানো এবং রপ্তানি বহুমুখীকরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মনে রাখতে হবে, ব্যবসার ব্যয় নিয়ন্ত্রণ শুধু উদ্যোক্তাদের স্বার্থ রক্ষার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে কর্মসংস্থান, বিনিয়োগ, রপ্তানি আয় এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। এখন প্রয়োজন জরিপের সতর্কবার্তাকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









