বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এ শিল্পের অবদান অপরিসীম। লাখ লাখ শ্রমিকের ঘাম ও শ্রমের বিনিময়ে সচল রয়েছে এ শিল্পের চাকা। অথচ সেই শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার প্রশ্নে বারবার দীর্ঘসূত্রতা, সিদ্ধান্তহীনতা ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।
তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের পূর্বনির্ধারিত তৃতীয় বৈঠক হঠাৎ স্থগিত হওয়ার ঘটনা সেই অনিশ্চয়তাকে আরো উসকে দিয়েছে। এর প্রতিবাদে রাজধানীর বিজয়নগর, শ্রম ভবন, গাজীপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ এবং কারখানা বন্ধের ঘটনা পরিস্থিতির গভীরতা স্পষ্ট করেছে।
পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি নতুন নয়। দীর্ঘদিন ধরেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা, পরিবহন ও সন্তানদের শিক্ষার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা। অথচ তাঁদের আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। শ্রমিকদের পক্ষ থেকে মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেওয়া হলেও মালিকপক্ষ কোনো প্রস্তাব দেয়নি। বরং সময় চেয়েছে। পরবর্তী বৈঠকও যদি নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে স্থগিত করা হয়, তাহলে শ্রমিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হওয়াই স্বাভাবিক।
এখানে প্রশ্ন হচ্ছে, শ্রমিকদের জীবিকার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে এত দীর্ঘসূত্রতা কেন? একটি দায়িত্বশীল মজুরি বোর্ডের কাছে প্রত্যাশা থাকে, তারা নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শেষ করে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত দেবে। কিন্তু বৈঠক স্থগিত, মালিকপক্ষের প্রস্তাব না দেওয়া এবং সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা শ্রমিকদের আস্থার সংকট তৈরি করছে। মনে রাখতে হবে, শ্রমিকের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো শিল্প দীর্ঘদিন স্থিতিশীল রাখা সম্ভব নয়।
অন্যদিকে, শ্রমিকদের আন্দোলন দমনে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সড়ক অবরোধ এবং কারখানা বন্ধের ঘটনা উদ্বেগজনক। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে। একই সঙ্গে জনজীবন, যানবাহন চলাচল ও শিল্পের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখাও জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কিন্তু তা করতে গিয়ে যেন অপ্রয়োজনীয় বলপ্রয়োগ না হয়। শ্রমিকদের ক্ষোভের কারণ চিহ্নিত করে আলোচনার মাধ্যমে সমাধান করাই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার।
এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি। অযৌক্তিক ব্ল্যাকলিস্টিং বন্ধ, ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বাসন এবং গ্রেফতার হওয়া শ্রমিকদের মুক্তির দাবি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং শ্রমিকদের আইনি অধিকার নিশ্চিত করা প্রয়োজন। কোনো শ্রমিক যেন ন্যায্য দাবি জানানোর কারণে হয়রানি বা বৈষম্যের শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে। তবে, পোশাকশিল্পের বাস্তবতাও বিবেচনায় রাখা জরুরি।
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা, উৎপাদন ব্যয়, ক্রয়াদেশের মূল্য এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির চাপ মালিকপক্ষকেও মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু এসব বাস্তবতা দেখিয়ে শ্রমিকদের ন্যায্য মজুরির প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শ্রমিকের জীবনমান উন্নয়ন এবং শিল্পের সক্ষমতা বৃদ্ধি পরস্পরবিরোধী বিষয় নয়। বরং দক্ষ, সুস্থ ও সন্তুষ্ট শ্রমিকই উৎপাদনশীল শিল্পের মূল শক্তি।
আমরা মনে করি, বর্তমান সংকট নিরসনে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের অবিলম্বে আলোচনায় বসতে হবে। মজুরি বোর্ডের বৈঠক দ্রুত পুনর্নির্ধারণ করে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও পরিবারের মৌলিক চাহিদা বিবেচনায় নিয়ে ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।
পাশাপাশি ছাঁটাই, ব্ল্যাকলিস্টিং ও গ্রেফতারের অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে নিষ্পত্তি করতে হবে। পোশাকশিল্প শুধু মালিকদের বিনিয়োগ বা সরকারের রপ্তানি আয়ের বিষয় নয়; এটি লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার অবলম্বন। তাই শ্রমিকের ন্যায্য পাওনা নিশ্চিত না করে শিল্পের স্থিতিশীলতা প্রত্যাশা করা অবাস্তব।
মনে রাখতে হবে, দমন-পীড়ন দিয়ে সাময়িকভাবে বিক্ষোভ থামানো গেলেও অসন্তোষের মূল কারণ দূর করা যায় না। এখন প্রয়োজন দায়িত্বশীলতা, সদিচ্ছা ও কার্যকর সংলাপ। শ্রমিকের মুখে হাসি এবং শিল্পের চাকা সচল রাখার স্বার্থেই দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









