অভিনেত্রী নাজনীন নীহাকে ঘিরে আবারও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। এবার গুঞ্জনের সূত্রপাত অন্য কারও নয়, স্বয়ং অভিনেত্রীরই একটি ফেসবুক আপডেট থেকে। নিজের ভিরিফায়েড ফেইসবুক-এ রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের মধ্যে ছড়িয়ে পড়ে তাঁর বাগ্দানের খবর।
কিন্তু নীহা বলছেন, তিনি বাগ্দানের ঘোষণা দেননি; শুধু এটুকু জানিয়েছেন যে তিনি আর সিঙ্গেল নন।
সোমবার ফেসবুক প্রোফাইলে ‘এনগেজড’ স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই ধরে নেন,লুকিয়ে বাগ্দান সেরে ফেলেছেন তরুণ প্রজন্মের এই জনপ্রিয় অভিনেত্রী। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়ে মন্তব্য করেছেন। তবে এসব প্রশ্নের জবাব দেননি নীহা। অভিনেত্রী নীহার সেই ফেসবুক পোস্টে প্রায় সাড়ে তিন হাজারের মতো মন্তব্য এসেছে। রিঅ্যাকশন এসেছে ১৮ হাজারের মতো।
এ বিষেয়ে কথা বলতে গিয়ে গণমাধ্যমকে অভিনেত্রী স্পষ্ট করেন, ‘আমি কিন্তু কোথাও বাগ্দানের কথা বলিনি। শুধু লিখেছি, এনগেজড। এর মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও সঙ্গে সম্পর্কে আছি। বাকিটা সময় হলে সবাই জানতে পারবেন।’
প্রেমের সম্পর্কের বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করলেও, বিশেষ মানুষটির পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন নীহা। তিনি বলেছেন, ‘আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুকে এনগেজড লেখার অর্থ হচ্ছে, আমি এখন আর সিঙ্গেল না। কোনো না কোনোভাবে আমি একটি সম্পর্কে জড়িয়েছি। এই তথ্যটা লুকিয়ে রাখতে চাইনি বলেই নিজে থেকেই জানিয়েছি।’
কিন্তু রহস্যঘেরা প্রশ্নটি থেকেই যাচ্ছে প্রেমিক কে? নীহা জানান, উপযুক্ত সময় এলেই দুজনের পরিচয় সবার সামনে আনবেন। এখনই সম্পর্ক নিয়ে এর বেশি কিছু বলতে চান না তিনি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের ছবি পোস্ট করে বিয়ের গুঞ্জনের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী। পরে তিনি জানান, সেটি ছিল একটি নাটকের প্রচারণার অংশ। এবার অবশ্য গুঞ্জন নয়, নিজের মুখেই প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন নাজনীন নীহা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









