গানের সঙ্গে যেন আত্মিক সম্পর্ক ভারতের জনপ্রিয় গায়ক সোনু নিগমের। আর তাই অস্ত্রোপচারের সময়ও গান থেকে বিরত থাকলেন না তিনি। অস্ত্রোপচার চলাকালীন চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের প্রয়াত কিংবদন্তি গায়ক মোহাম্মদ রফির গান শুনিয়েছেন সোনু নিগম। সেই বিশেষ মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
অস্ত্রোপচারের সময় একজন রোগী সাধারণত উদ্বেগ ও অস্বস্তিতে থাকেন। তবে সবাইকে চমকে দিয়ে গান গেয়ে নিজেকে প্রফুল্ল রাখলেন সোনু। তার গান শুনে অবাক হন চিকিৎসক ও সেবিকারাও।
হাসপাতাল থেকে একটি ভিডিও শেয়ার করে গান গাওয়ার মুহূর্তের বর্ণনা দিয়ে সোনু লিখেছেন, ‘যন্ত্রণার মধ্যেও গান’।
সোনুর এই গান যেন আরও একবার দেখিয়ে দিল, কঠিন সময়েও সংগীত মানুষের মনে স্বস্তি, ইতিবাচকতা ও মানসিক শক্তি জোগাতে পারে। চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের জন্যই গানটি পরিবেশন করেন তিনি। তাঁর এই ইতিবাচক মনোভাব ও প্রাণশক্তির প্রশংসা করেছেন ভক্তরা।
তবে কী কারণে তার অস্ত্রোপচার হয়েছে, তা জানাননি সোনু।
ভিডিওতে সোনুর কণ্ঠে শোনা যাচ্ছে ১৯৪৯ সালে মুক্তি পাওয়া ‘দুলারি’ ছবির জনপ্রিয় গান ‘সুহানি রাত ঢল চুকি’। অস্ত্রোপচার চলাকালীন শারীরিক অস্বস্তির মধ্যেও তার কণ্ঠের মায়ায় যেন বদলে যায় অস্ত্রোপচারকক্ষের পরিবেশ। সোনুর এই মুহূর্ত সংগীতের প্রতি তার গভীর ভালোবাসার কথাই আরও একবার মনে করিয়ে দিয়েছে।
এক অনুরাগী মন্তব্য করে লিখেছেন, ‘কী দারুণ কণ্ঠ আপনার! দয়া করে নিজের খেয়াল রাখুন, দ্রুত সুস্থ হয়ে উঠুন।’ অন্য একজন লিখেছেন, ‘ঈশ্বরের এই স্বর্গীয় কণ্ঠের দ্রুত সুস্থতা কামনা করি।’ আবার অনেকেই সনুর এই ইতিবাচক মনোভাবের প্রশংসা করে তার দ্রুত শারীরিক সুস্থতা প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, গত জুন মাসে এক সাক্ষাৎকারে সনু জানান যে তিনি একটি স্নায়ুজনিত ব্যথাদায়ক সমস্যায় ভুগছেন। সেই সময় চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে তার একাধিক এমআরআই ও সিটি স্ক্যান করাতে হয়েছিল এবং তিনি নিয়মিত ওষুধও সেবন করছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









