অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অস্ত্রোপচার হবে, এখন অপারেশন থিয়েটারে আছেন বলে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।
মডেল ও অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টির ফেসবুকে তার অসুস্থতার খবর জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়।
পোস্টে উল্লেখ করা হয়, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।’
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’
তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবরে তার সহকর্মীরা দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।
জানা গেছে, তানিয়া বৃষ্টি বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, অভিনেত্রীর অস্ত্রোপচার চলছে। সব ঠিকঠাক মতো হলে রাতে পোস্ট অপারেটিভে রাখা হবে। আগামীকাল সোমবার যেকোনো সময় তাকে কেবিনে দেওয়া হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









