ভারতের মধ্যপ্রদেশের গালিওরে শীতলা মাতা মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ ভক্ত নিহত হয়েছেন।
রবিবার (১৮ অক্টোবর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন তীর্থযাত্রী। তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থা গুরুতর।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাকটি পুলিশের চেকপোস্টের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের চাপা দেয়। পরে মন্দিরের বাইরের দেয়াল ও ফটকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে প্রাণহানির পাশাপাশি মন্দিরের বাইরের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়।
গালিওর পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ধর্মবীর সিং জানিয়েছেন, রাত ১টা ৩০ মিনিটের দিকে চিন্নরের দিক থেকে আসা শস্যবোঝাই ট্রাকটি রাস্তার নিচু অংশে নিয়ন্ত্রণ হারায়। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে মন্দিরের বাইরে জড়ো হওয়া ভক্তদের ওপর উঠে যায় সেটি।
এ ঘটনায় মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদেরসহ অন্য আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ধর্মবীর সিং আরও জানান, দুর্ঘটনার পর ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ১২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পাঁচ থেকে ছয়জন গুরুতর আহত হয়েছেন। বাকিরা সামান্য আঘাত পেয়েছেন।
আকস্মিক এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে বিশৃঙ্খল ও হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তিরা সবাই ভক্ত ছিলেন। তারা বড় একটি দল নিয়ে মন্দিরে এসেছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









