বাসা ভাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা নানা বিধিনিষেধ দিয়ে দেন। দেয়ালে পেরেক গাঁথা যাবে না, পছন্দের রং করা যাবে না আরও নানা কিছু। কিন্তু শৌখিন মানুষ তো সব সময় ঘর সাজিয়ে-গুছিয়ে রাখতে ভালোবাসেন। তবে যে বাড়ি নিজের নয়, সেখানে নিজের ইচ্ছেমতো সবকিছু করা যায় না, এটাও ঠিক।
বাড়িওয়ালার শর্ত না ভেঙেই কীভাবে বাসা সুন্দর করে সাজাবেন, জেনে নিতে পারেন সেই টিপস—
ভাড়া নেওয়ার সময় ঘর রং করে দেওয়ার কথা বলা হলেও দেখা যায় পরে বাড়িওয়ালা আর রং করে দেন না। সে ক্ষেত্রে বাজেট থাকলে বাড়িওয়ালাকে জানিয়ে রং করিয়ে নিতে পারেন। তবে রঙের পরিবর্তে নানা রকম ওয়ালপেপার এবং স্টিকারও দেয়ালে লাগিয়ে নিতে পারেন। এতে দেয়ালের পুরোনো রং সহজে ঢাকা পড়ে যাবে। একইভাবে পড়ার টেবিল থেকে রান্নাঘরের তাক—পুরোনো দেখালে ওয়ালপেপারে মুড়ে দিন। এগুলো পরে সহজে তুলে ফেলা যায়।
ঘরের মেঝের টাইলস পছন্দ না হলে কার্পেটিংয়ের ব্যবস্থা করতে পারেন। সেটা না হলে সুন্দর শীতলপাটি, শতরঞ্জি বা রাগস ব্যবহার করতে পারেন। এতে অন্দরের চেহারাই পাল্টে যাবে।
দেয়ালে পেরেকের পরিবর্তে হুক ব্যবহার করতে পারেন। এগুলোর পেছনে পোক্ত গ্লু লাগানো থাকে বলে দেয়ালে লাগানো ও তোলা সহজ। এগুলোয় ওয়ালম্যাট বা পেইন্টিং সহজে ঝোলানো যায়। তবে এসব ওয়ালম্যাট বা পেইন্টিংয়ের ওজন কেমন, তার ওপর নির্ভর করে কী ধরনের হুট বেছে নিতে হবে।
বসার ঘর, শোয়ার ঘর ও বারান্দায় রকমারি গাছ রাখুন। মানিপ্ল্যান্ট, পিস লিলি, রাবারের মতো গাছ বেশ সুন্দর দেখাবে এসব জায়গায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









