রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে সম্পৃক্ত করার পরিকল্পনা করছে সরকার। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ পরিকল্পনার কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা বাস্তবায়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে রাজধানীকে অঞ্চলভিত্তিক ভাগ করে ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
তিনি জানান, কমিটিগুলো কাজ শুরুর পর বেশ কিছু অগ্রগতি হয়েছে। এরই মধ্যে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে তারা।
মীর শাহে আলম বলেন, রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে ক্লিন ঢাকা-গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তাঁরা অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় তাঁদের সম্পৃক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, এ জন্য আমিনবাজারে পৃথক একটি ইউনিট স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও ঢাকা উত্তরেও নতুন করে তা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে নিশ্চিত না হলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।
ঢাকাকে অন্য কোনো দেশের শহরের সঙ্গে তুলনা করে বড় প্রতিশ্রুতি দিতে চান না উল্লেখ করে তিনি বলেন, আগের সরকারগুলোর মতো ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানানোর কথা বলা হচ্ছে না। বরং রাজধানীকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতেই কাজ করছে বর্তমান সরকার।
এ সময় সরকারের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









