বৈশ্বিক জলবায়ু সম্মেলন- যা সংক্ষেপে ‘কপ’ নামে পরিচিত, প্রতিবছর নভেম্বর অথবা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১), যা চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এবারের সম্মেলনের মূল দাবি হলো- নতুন কোনো প্রতিশ্রুতি নয়, বরং আগের অঙ্গীকারগুলো বাস্তবায়ন। বছরের পর বছর আলোচনা ও ঘোষণা এলেও জলবায়ু সংকট মোকাবিলায় প্রত্যাশিত অগ্রগতি আজও হয়নি।
গত ১৩ নভেম্বর ‘দৈনিক এদিন’-এর প্রধান হেডলাইন, ঋণ নয়, আমরা অনুদান চাই। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার এত যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি অর্থনীতিতে বড় চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের বাড়তি বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলছে। প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন- আরো ঋণ নয়, যা তাদের ঋণ বাড়িয়ে দেয়। তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনে জোরালো সহায়তাও প্রয়োজন। এই অভিযোজনের ধারাবাহিকতায় নেটজ বাংলাদেশ-ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ও ডাসকো ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ‘ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রিভ্যুলেশন’ সংস্থাটি ‘পরিবেশগত মানবাধিকার ও জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সুশীল সমাজ ও আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পটি মূলত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের তীব্র খরাপ্রবণ এলাকা রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর পরিবেশগত মানবাধিকার ও ভূমি অধিকার সুরক্ষায় কাজ করছে।
জলবায়ু পরিবর্তনের করাল গ্রাস আজ আর কোনো দূরবর্তী বৈজ্ঞানিক আশঙ্কা নয়, বরং বাংলাদেশের সমতলের প্রান্তিক কৃষক ও আদিবাসীদের জন্য এক রূঢ় ও নিষ্ঠুর বাস্তবতা। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলসহ সমতলের বিভিন্ন প্রান্তে বসবাসকারী আদিবাসী (সাঁওতাল, কোল, কোডা, মুন্ডা, মাহালী, ওরাওঁ, মাহাতো ও মালপাহাড়িয়া) জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং সম্পূর্ণ বদলে যাওয়া ঋতুচক্রের কারণে এই প্রান্তিক চাষিদের চিরায়ত কৃষিব্যবস্থা আজ ধ্বংসের মুখে। প্রকৃতির এই খামখেয়ালিপনার শিকার হয়ে সমতলের আদিবাসী ও প্রান্তিক কৃষকদের ঘরে ঘরে আজ চলছে নীরব কান্না ও র্দীঘশ্বাস।
একটা সময় ছিল যখন বাংলার ছয়টি ঋতু তার নিজস্ব নিয়মে আবর্তিত হতো। আষাঢ়-শ্রাবণের অবিরাম বর্ষায় আমন ধানের ক্ষেত ভরে উঠতে, আর কার্তিক-অগ্রহায়ণে আসত নবান্নের উৎসব। কিন্তু জলবায়ু পরিবর্তনের ধাক্কায় এখন বর্ষাকালে দেখা দিচ্ছে তীব্র অনাবৃষ্টি ও খরা, আবার যখন বৃষ্টির প্রয়োজন নেই, তখন হচ্ছে অতিবর্ষণ। এই বদলে যাওয়া ঋতুচক্রের সবচেয়ে বড় আঘাতটি আসছে সমতলের প্রধান ফসল আমন ও বোরো চাষের ওপর। বরেন্দ্র অঞ্চলের বিস্তীর্ণ মাঠে এখন শ্রাবণ মাসেও পানির জন্য হাহাকার দেখা যায়। অনাবৃষ্টির কারণে ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাচ্ছে। গভীর নলকূপ দিয়ে পানি সেচ দিতে গিয়ে প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে, যা ক্ষুদ্র ও বর্গা চাষিদের ঋণের জালে জর্জরিত করছে। সমতলের আদিবাসীদের সংস্কৃতি, উৎসব এবং জীবনধারা সরাসরি কৃষির সাথে যুক্ত। সাঁওতালদের ‘সহরাই’ বা ওরাওঁদের ‘কারাম’ উৎসব মূলত ফসলের ফলন ও প্রকৃতির আরাধনাকে কেন্দ্র করে উদযাপিত হয়। কিন্তু প্রকৃতি যখন তার স্বাভাবিক রূপ হারিয়ে ফেলছে, তখন এই উৎসবগুলোর আনন্দও ম্লান হয়ে যাচ্ছে। অনাবৃষ্টি ও তীব্র খরার কারণে আদিবাসীদের বহু ঐতিহ্যবাহী খরা-সহনশীল ধানের জাত আজ বিলুপ্তির পথে।
আধুনিক উচ্চফলনশীল জাতের চাষ করতে গিয়ে প্রান্তিক কৃষকেরা রাসায়নিক সার ও কীটনাশকের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ছেন, যা দীর্ঘমেয়াদে সমতলের উর্বর মাটির প্রাণ কেড়ে নিচ্ছে। কৃষিতে বারবার লোকসান এবং প্রকৃতির এই চরম বৈরিতার কারণে সমতলের আদিবাসী চাষিরা আজ নিজেদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন। ঋণের বোঝা মাথায় নিয়ে প্রতি বছর হাজার হাজার আদিবাসী ও প্রান্তিক কৃষক কৃষিপেশা ছেড়ে সস্তা শ্রমের বাজারে প্রবেশ করছেন। তারা ঢাকা, রাজশাহী, রংপুর, চট্রগ্রাম বা বিভিন্ন বিভাগীয় শহরে গিয়ে রিকশাচালক, দিনমজুর, কুলি ও রাজমিস্ত্রি বা ইটভাটায় কঠোর ও ঝুঁকিপূর্ণ শ্রমে লিপ্ত হচ্ছেন।
জলবায়ু পরিবর্তনের এই নীরব ধাক্কা সমতলের আদিবাসী সমাজকে চিরতরে তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে ‘জলবায়ু উদ্বাস্তু’তে পরিণত করছে। তুরস্কের, আন্তালিয়া বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘অভিন্ন কিন্তু পৃথক দায়িত্ব ও নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেছেন। প্রথমত: প্রতিটি দেশের অগ্রাধিকার বিবেচনায় আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানান। সেই সঙ্গে তিনি গ্রিনহাউস গ্র্যাস নিঃসরণ কমানোর প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখার কথাও বলেন।
দ্বিতীয়ত: জলবায়ুঝুঁকিতে থাকা দেশগুলোর ঋণের বোঝা কমাতে জলবায়ু কার্যক্রমে বিনিয়োগের বিনিময়ে ঋণ মওকুফ বা শর্ত পরিবর্তন এবং জলবায়ু দুর্যোগের সময় ঋণ পরিশোধে স্থগিতের মতো ব্যবস্থা চালুর আহ্বান জানান। তৃতীয়ত: তিনি জলবায়ুবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে সহায়তার আহ্বান জানান। চতুর্থত: সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন। পঞ্চমত: ন্যায্য অর্থয়ান ও বাণিজ্যকে মূল ভিত্তি ধরে ন্যায়সংগত রূপান্তরের লক্ষ্যে কপ-৩১ সম্মেলনে বেলেম-আন্তালিয়া কর্মপদ্ধতি গ্রহণের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দৈনিক এদিন-নভেম্বর ১৩, ২০২৬)
অন্যদিকে, লেখক ও গবেষক পাভেল পার্থ আন্তালিয়া জলবায়ু সম্মেলন থেকে উল্লেখ করেছেন, লিডার্স সামিটের প্রথম দিন ২০৩৫ সালের ভেতর বৈশ্বিক বিদ্যুতায়ন ২৩ থেকে ৩৫ শতাংশে উন্নীত করার অঙ্গীকার হয়েছে। পাশাপাশি, সম্মেলনের চতুর্থ দিন আদিবাসী প্যাভিলিয়নে অনুষ্ঠিত এক আলোচনায় আজেন্টিনার কুয়োল্লা আদিবাসী প্রতিনিধি ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের বনজঙ্গল, জাতীয় উদ্যান, গাছপালা, বন্যপ্রাণী এবং বসতি ধ্বংস করে কোম্পানিরা খনন প্রকল্প করছে। বন ও পরিবেশের বাঁচার অধিকার কোম্পানির দয়ার ওপর নির্ভর করবে কেন?’ বস্তুত, মানুষসহ প্রকৃতির ব্যক্তিসত্তার অধিকারকে জলবায়ুমঞ্চে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে- যেমনটি বাংলাদেশের হাইকোর্ট নদীর ব্যক্তি-আইনি সত্তা বা জীবন্ত সত্তার স্বীকৃতি দিয়েছেন।
সমতলের এই প্রান্তিক কৃষক ও আদিবাসীদের কান্না থামাতে হলে এবং দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে এখনই বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি কিছু পদক্ষেপ নেওয়া জরুরি- প্রথমত: খরা-সহনশীল ও আদিবাসী দেশীয় বীজের পুরুজ্জীবন- আদিবাসীদের নিজস্ব ঐতিহ্যবাহী খরা-সহনশীল ধানের জাতগুলো নিয়ে সরকারি উদ্যোগে উচ্চতর গবেষণা এবং প্রান্তিক কৃষকদের মাঝে তা বিনামূল্যে বিতরণ করা উচিত। দ্বিতীয়ত: ভূ-উপরিস্থ পানির টেকসই ব্যবহার- বরেন্দ্র অঞ্চলসহ সমতলের প্রাকৃতিক খাল, দীঘি ও জলাশয়গুলো পুনরায় খনন করতে হবে, যেন বৃষ্টির পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে সেচকাজ চালানো যায় এবং ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমে।
তৃতীয়ত: বিশেষ জলবায়ু প্রণোদনা ও বিমা- জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক আদিবাসী এবং চাষিদের জন্য বিশেষ সুদমুক্ত কৃষিঋণ, বিনামূল্যে সার-বীজ প্রদান ও ‘কৃষিবিমা’ চালু করা অত্যন্ত জরুরি। চতুর্থত: ঐতিহ্যবাহী খাদ্যব্যবস্থার সুরক্ষা- আদিবাসীদের নিজস্ব ঐতিহ্যবাহী খাবার ও খাদ্য-উৎসগুলো কোনো আইনি জটিলতায় বন্ধ না করে, তাদের প্রিয় ও চিরায়ত খাবার হিসেবে উন্মুক্ত ও সংরক্ষিত রাখা প্রয়োজন।
আদিবাসী বা বাঙলি- পরিচয় যাই হোক না কেন, জলবায়ু সংকটের মুখে সমতলের এই প্রান্তিক কৃষক ও আদিবাসীরাই সবচেয়ে বেশি অরক্ষিত। উত্তপ্ত পৃথিবীর বুক চিরে যে আদিবাসী ও কৃষক আমাদের মুখে অন্ন জোগান দিচ্ছেন, আজ প্রকৃতির বৈরিতায় তাদের নিজেদের ঘরেই অন্ন নেই। তাদের এই নীরব কান্না যদি আমরা এখনই রুখতে না পারি, তবে তা অদূর ভবিষ্যতে আমাদের জাতীয় অর্থনীতি ও পরিবেশের জন্য এক বড় বিপর্যয় ডেকে আনবে।
লেখক : কলামস্টি ও উন্নয়নকর্মী


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









